স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) শেষে স্কুলছাত্রীকে বেড়ানোর কথা বলে ফুসলিয়ে অপহরণ ও ধর্ষণের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সেই রিক্সাচালক ধর্ষক হাবিবুল্লাহ (৩৫)। ১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুনের কাছে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক সে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। অন্যদিকে হাবিবুল্লাহর পক্ষে কোন জামিনের আবেদন না থাকায় সরাসরি তাকে জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন চন্দ্র সরকার ও কোর্ট সাব-ইন্সপেক্টর আনিসুর রহমান।
উল্লেখ্য, নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীর পিএসসি পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রে আনা-নেয়ার কাজে নিয়োজিত ছিল প্রতিবেশী রিকশাচালক হাবিবুল্লাহ। গত ২৪ নবেম্বর বিকেলে প্রাথমিক সমাপনীর সর্বশেষ পরীক্ষা শেষে ওই শিশুকে বেড়ানোর ছলে পাহাড়ে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হাবিবুল্লাহ। ওই ঘটনায় পরদিন শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পর থেকেই গাঁ ঢাকা দেয় ধর্ষক হাবিবুল্লাহ। পরে ৩০ নভেম্বর শনিবার বিকেলে ময়মনসিংহ মহানগরীর টাউনহল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪’র একটি আভিযানিক দল।
























