নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে সামান্য কথা কাটাকাটির জেরে উপজেলা যুবলীগের সাবেক নেতা রফিকুল ইসলাম রফিকের (৪৫) বাম হাতে কুড়াল দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে আনার আলী (৩৫) নামে এক যুবক। ২৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়, যুবলীগ নেতা রফিকের জমি সংলগ্ন প্রতিবেশি হায়দার আলীর একটি পুকুর রয়েছে। ওই পুকুর পারে বেড়ে ওঠা হায়দার আলীর লাগানো গাছ বিক্রি করে দিলে তা মঙ্গলবার কাটতে যান ক্রেতাপক্ষ। ওইসময় যুবলীগ নেতা রফিক গাছ তার সীমানায় পড়ায় তিনি জমি পরিমাপ করে পরে গাছ কাটতে বলেন। এ নিয়ে হায়দার আলী ও রফিকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে হায়দার আলীর চাচাতো ভাই আনার আলী গাছ কাটতে আসা শ্রমিকদের কুড়াল হাতে নিয়ে রফিকের উপর চড়াও হয়। ওইসময় কুড়ালের আঘাত ফেরাতে গিয়ে রফিকের বাম হাতের কুনুইয়ের উপরিভাগে কোপ লেগে মারাত্মকভাবে কেটে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রাতেই তাকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন মেডিকেল কর্তৃপক্ষ। ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।























