শ্যামলবাংলা ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্বে ফ্রান্সের খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বাছাইপর্বে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচটি ছিল তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। এমন ম্যাচেও আলবেনিয়ার বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে দিদিয়ের দেশমের দল। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। আঁতোয়া গ্রিজম্যাজের মাপা ফ্রি-কিক থেকে হেডে দারুণ এক গোল করেন কোরেন্তিন তোলিসো। জাতীয় দলের জার্সিতে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারের এটিই প্রথম গোল। ৩১তম মিনিটে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজম্যান। বাঁ দিক থেকে লিও দোবিওসের নিচু ক্রসে বল পেয়ে সেটি সহজেই জালে জড়িয়ে দেন বার্সেলোনা ফরোয়ার্ড। ফ্রান্সের কোচ হিসেবে এটি ছিল দিদিয়ের দেশমের ১০০তম ম্যাচ।
গ্রুপের আরেক ম্যাচে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে তুরস্ক। এই গ্রুপ থেকে ফ্রান্সের সঙ্গে তারাও ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্বে সরাসরি জায়গা করে নিয়েছে।
এদিকে, রোনালদোর গোলে ইউরোর মূলপর্বে পর্তুগাল উঠেছে পর্তুগাল। ১৭ নভেম্বর রবিবার রাতে লুক্সেমবার্গকে তাদেরই মাঠেই ২-০ গোলে হারিয়ে বাছাইপর্বের বাধা পেরিয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা। রোনালদো পেয়েছেন তার ৯৯তম আন্তর্জাতিক গোল। দলকে মূলপর্বে ওঠাতে অবদান রাখতে পারায় নিজেও ভীষণ খুশি জুভেন্টাস তারকা।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল পর্তুগাল। যার ফলশ্রুতিতে ৩৯ মিনিটে এগিয়েও যায় তারা। বের্নার্দো সিলভার উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের শটে গোল করেন ফের্নান্দেস। দ্বিতীয়ার্ধে অবশ্য লড়াইয়ে ফেরার আপ্রাণ চেষ্টা করেছে লুক্সেমবার্গ। তবে বলার মতো সুযোগ পায়নি। ৭৮ মিনিটে উল্টো বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেয়ে যায় পর্তুগাল। রোনালদো শট নিলেও অবশ্য গোল করতে পারেননি।
তবে সেই আক্ষেপ ঘুচাতে বেশি সময় নেননি জুভেন্টাস ফরোয়ার্ড। ম্যাচের ৮৬তম মিনিটে ব্যবধান ২-০ করেন তিনিই। দিয়োগো জোতার নেওয়া শট আটকাতে গিয়ে পড়ে গিয়েছিলেন লুক্সেমবার্গ গোলরক্ষক। তার কাঁধে লেগে ফিরে আসা বল আলতো টোকায় জালে জড়িয়ে দেন রোনালদো।

























