স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সাবেক ফারমার্স ব্যাংক লিমিটেড (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড)’র পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর শনিবার রাতে শেরপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন শেরপুরের ক্ষতিগ্রস্ত ঋণ গ্রাহকরা।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রাহকদের পক্ষে আশরাফুল আলম সেলিম ও আব্দুল মোতালেব সাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী সাইম আহম্মেদ খান। লিখিত বক্তব্যে বলা হয়, শেরপুরে পদ্মা ব্যাংক লিমিটেড (সাবেক ফারমার্স ব্যাংক লিমিটেড)’র প্রতিষ্ঠার পর পরিচালনা পর্ষদের একজন নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীগণ অত্যন্ত চাতুরতার সাথে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে শেরপুরে প্রায় ৫শ জন সু-প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে তাদের গ্রাহক হিসেবে করায়ত্ব করে। এরপর মোটা অংকের ঋণ প্রদানের কথা বলে শুরু করে গ্রাহক হয়রানী। চাহিদামত ঋণ আবেদনের পরই চাহিদাকৃত টাকার বিপরীতে নগদ ১০% হারে উৎকোচ গ্রহণসহ আরও একাধিক খাতে গ্রহণ করা হয় মোটা অংকের টাকা। সব মিলিয়ে মঞ্জুরীকৃত ঋণের প্রায় ২৫% টাকা উৎকোচ হিসাবে ব্যাংক কর্তৃপক্ষের পকেটস্থ হয়েছে। অন্যদিকে ঋণ প্রদানকালে ঋণগ্রহীতা জায়গা-সম্পত্তি ব্যাংকের অনুকূলে মর্টগেজ দেওয়ার পরও সিকিউরিটি মানি হিসেবে প্রদেয় ঋণের সমপরিমাণ অঙ্কের এবং কোন কোন ক্ষেত্রে সাক্ষরিত সাদা চেক রাখা হয়েছে গ্রাহকদের কাছ থেকে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে সহজ শর্তে উদ্যোক্তাদের ঋণ প্রদান ও ঋণ আদায়ে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার জোর তাগিদ দিলে সকল বাণিজ্যিক ব্যাংকসহ বিভিন্ন প্রাইভেট ব্যাংক সিঙ্গেল ডিজিটের কার্যক্রম বাস্তবায়ন হাতে নিলেও ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ এর সম্পূর্ণ ব্যতিক্রম। পদ্মা ব্যাংক সকল নিয়ম-নীতি অমান্য করে ক্ষেত্র বিশেষ ১৪ থেকে ১৭% সুদে ঋণ প্রদান ও ঋণ আদায় কার্যক্রম পরিচালনা করছে। ফলে ঋণগ্রহণে মোটা অঙ্কের উৎকোচ গ্রহণ এবং ব্যবসায়িক মন্দার কারণে শেরপুর অঞ্চলের ঋণ গ্রাহকদের প্রায় ৯৫ ভাগই এখন খেলাপী হয়ে পড়েছেন। অথচ তাদেরকে সহায়তা না করে উল্টো ঋণের পরিমাণের চেয়ে বেশি টাকা দাবি করে দেশের বিভিন্ন আদালতে তাদের বিরুদ্ধে চেক ডিজঅনার ও অর্থঋণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। এজন্য সুদবিহীন মূল টাকা ন্যূন্যতম ১০ বছর মেয়াদে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ব্যাংকের ঋণ গ্রাহক সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন, ব্যবসায়ী আব্দুল মোতালেব, ফরহাদ আলী, আব্দুর রউফসহ প্রায় অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
























