নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খ্রিস্ট ধর্মাবলম্বীদের ২২তম ফাতেমা রাণীর তীর্থোৎসব উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় বারমারী সাধু লিওর খ্রিস্ট ধর্মপল্লীর সভাকক্ষে আয়োজিত ওই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন।
তীর্থ উদযাপন কমিটির সমন্বয়কারী রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম. চিরানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম ও নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভুমি) লুবনা শারমিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ, শিক্ষক নেছার উদ্দিন, নয়াবিল ইউনিয়ন আ. লীগের সভাপতি নুর ইসলাম, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, নিরাপত্তা কমিটির কনভেনর রেভারেন্ট ফাদার ফিদেলিস নেংমিনজা, বিজিবি প্রতিনিধি হাবিলদার মিজানুর রহমান, জনমাংসাং প্রমুখ।
সভায় জানানো হয়, ময়মনসিংহ বিভাগের খ্রীষ্টধর্মাবলম্বীদের এবারের তীর্থােৎসবে সার্বিক নিরাপত্তার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীসহ উল্লেখযোগ্য আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েনসহ সিসিটিভি ক্যামেরার আওয়াতায় আনা হবে।
























