নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে আমিরুল ইসলাম (৫০) নামে এক বিএনপি নেতা হতাশায় ভুগে আত্মহত্যা করেছেন। ৯ অক্টোবর বুধবার রাতে পৌর শহরের গড়কান্দা মহল্লায় এ ঘটনা ঘটে। তিনি নালিতাবাড়ী শহর বিএনপি’র নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক ও গড়কান্দা মহল্লার মকরব আলীর ছেলে। এদিকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে বিনাময়নাতদন্তে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিএনপি নেতা আমিনুল ইসলাম একসময় পারিবারিকভাবে বেশ সম্পদশালী ও স্বচ্ছল ছিলেন। কিন্তু তেমন কোন কাজ-কর্ম না করায় পৈত্রিক সম্পত্তি বিক্রি করে জীবন-যাপন করতে থাকেন। এক পর্যায়ে বিক্রি করা পৈত্রিক সম্পত্তি শেষ হয়ে যাওয়ায় তিনি হতাশার মধ্যে পড়ে যান। ফলে হতাশা কাটাতে বেশিরভাগ সময় ঘুমের ট্যাবলেট খেতেন। বুধবার রাতেও তিনি ঘুমের ট্যাবলেট খেয়ে স্ত্রী ও মেয়েদের বকাবকি করে ঘর থেকে বের করে দেন। তাই আমিরুলের স্ত্রী ও মেয়েরা তার মায়ের ঘরে আশ্রয় নেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে আমিরুলের কোন সাড়াশব্দ না পেয়ে তার স্ত্রী ঘরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
আমিরুলের স্ত্রী জোসনা বেগম জানান, আগে আমাদের সহায়-সম্পত্তি ছিল, কিন্তু সব ধীরে ধীরে বিক্রি করে ফেলায় আমার স্বামী সবসময় হতাশায় থাকতো। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তার স্ত্রীকে বাদী করে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
























