স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রীকে নির্যাতনের মামলায় মাহমুদুল হাসান (৩৫) নামে এক স্কুল শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বেচ্ছায় হাজির হয়ে মাহমুদুল হাসান জামিনের আবেদন জানালে উভয় পক্ষের শুনানী শেষে ট্রাইব্যুনালের বিচারক আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাহমুদুল হাসান জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। একই সাথে বিচারক মামলার অপর আসামী মাহমুদুল হাসানের বাবা রফিকুল ইসলামের জামিন মঞ্জুর করেন।
জানা যায়, ২০০৮ সালের ১৪ অক্টোবর শেরপুর শহরের রাজবল্লবপুর মহল্লার আবু মিয়ার কণ্যা ও শহরের নবারুন পাবলিক স্কুলের সহকারি শিক্ষিকা নাদিয়া আফরিনের সাথে বিয়ে হয় মাহমুদুল হাসানের। তাদের দাম্পত্য জীবনে নৌশিন (৬) নামে এক কণ্যা সন্তান থাকার পর নাদিয়া আফরিন পুনরায় গর্ভবতী হয়। কিন্তু এরপর থেকে যৌতুকের দাবিতে নাদিয়া আফরিনের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন বেড়ে যায়। ওই অবস্থায় চলতি বছরের ২১ জুন সকালে পিতার প্ররোচনা ও সহযোগিতায় ৫ লাখ টাকার যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে গর্ভবতী স্ত্রী নাদিয়া আফরিনকে শারীরিকভাবে নির্যাতন করে পাষন্ড স্বামী মাহমুদুল হাসান। পরে নাদিয়া আফরিন জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। ওই ঘটনায় ২৩ জুন নির্যাতনের শিকার নাদিয়া আফরিন তার স্বামী মাহমুদুল হাসান ও শ্বশুড় রফিকুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ)/৩০ ধারায় ট্রাইব্যুনালে একটি নালিশী মামলা দায়ের করলে বিচারক ঘটনার বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। অতঃপর থানা পুলিশ তদন্ত শেষে ঘটনার প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে উভয় আসামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন। ওই তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ হয়। ইতোমধ্যে প্রায় ৩ মাস আগে নাদিয়া আফরিনের গর্ভে জন্ম নেয় আরও এক সন্তান আয়ান।
























