স্টাফ রিপোর্টার : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-৩২৭৭) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার শহরের গোপালবাড়ী এলাকার পৌর ট্রাক টার্মিনাল প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতিসহ ১১টি পদের মধ্যে ৯টি পদে এ নির্বাচন হয়। এতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে পরিষদের সভাপতি পদে মো. আরিফ রেজা ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আমজাদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইনজীবী আবুল মানসুর স্বপন।
নির্বাচন কমিশনার আইনজীবী শিবলু চন্দ্র দাস বলেন, শুক্রবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪২৫ জন।
জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ আতিউর রহমান আতিক, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ূন কবীর রুমান, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মো. মোকছেদুর রহমান ও এস এম এ ওয়ারেজ নাঈমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
























