স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে শেরপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঢাকা থেকে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরপুরসহ সারাদেশে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি এবং মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং বিদ্যুৎ খাতের উন্নয়ন উপস্থাপন করেন অতিরিক্ত সচিব (প্রশাসন) মাকছুদা খাতুন।
শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার জিএম মাশরুল হক খান, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, মুজিব বর্ষ (২০২০-২০২১) উপলক্ষে তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে বেকার যুবকদের জন্য ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী এক বছরে ৫টি ব্যাচে ১৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতি ব্যাচে ৩০ জন করে প্রশিক্ষণার্থী থাকবে। প্রশিক্ষিত হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন তরুণরা।




