ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে গুজব প্রতিরোধে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই শনিবার উপজেলার কাংশা ইউনিয়ন কমিউনিটি পুলিশের উদ্যোগে পানবর বাজারে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
কাংশা ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি খকরুজ্জমান মাস্টারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনারুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন, এসআই খোকন চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানবর পুলিশিং কমিটির ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল গুজব রটাচ্ছে। পদ্মা সেতু নির্মাণ করতে লাগবে রড, সিমেন্ট ও বালি। কিন্তু স্বাধীনতাবিরোধী চক্র গুজব রটিয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করার পাশাপাশি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ওইসব গুজব সম্পর্কে সচেতন হতে ও প্রতিরোধ করতে সর্বস্তরের জনগণকে আহবান জানান বক্তারা।
এর আগে কাংশা ইউনিয়ন কমিউনিটি পুলিশের কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। ওই সভায় বিভিন্ন এলাকা থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ কমিউনিটি পুলিশের সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
























