নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ব্লক রেইড এর আওতায় মাদক সম্রাট আমজাদ হোসেন ও তার স্ত্রীসহ ১১ জনকে গ্রেফতার করেছে থানা ও ডিবি পুলিশ। ২৯ জুন শনিবার রাতে ও ৩০ জুন রবিবার ভোররাতে উপজেলা ও শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, শেরপুর জেলা পুলিশের ব্লক রেইডের আওতায় নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানা ও শেরপুরের ডিবি পুলিশের পৃথক অভিযানিক দল। ওইসময় শহরের আড়াইআনী বাজার জেলখানা সংলগ্ন এলাকা থেকে মাদক সম্রাট হিসেবে পরিচিত ৩ মামলার আসামী আমজাদ হোসেন (৪৯) ও স্ত্রী মর্জিনা বেগম (৩০) কে ৬০ পিস ইয়াবা ও নগদ ৫ লাখ ১৪ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা ও শহরের বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে সুমন মিয়া (৩৮), মাহমুদুল হাসান ঢালী (২৪), শাহজাহান মোল্লা (২৮), নিতাই (২২), মাহফুজুর রহমান সোহান (২০), রুবেল মিয়া (৩০), পিপলু (৪০), উজ্জল আহমেদ (৩০) ও ফেরদৌস আলম (৩২) কে আটক করা হয়। এদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ইয়াবা রাখার অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, আমজাদ একজন বড় ধরনের ইয়াবা ব্যবসায়ী। তাকে গ্রেফতারের সময় ৬০ পিস ইয়াবা ছাড়াও ৫ লাখ ১৪ হাজার টাকা নগদ পাওয়া গেছে। পৃথক মামলায় উদ্ধারকৃত মোট ইয়াবার পরিমাণ ১৩৯ পিস। আসামীদের রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
























