গ্রীন সিটি গড়তে সকলের সহযোগিতা কামনা করলেন মেয়র লিটন
জুবাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার ॥ নতুন করে কোনপ্রকার করারোপ ছাড়াই বৃহত্তর ময়মনসিংহের প্রাচীনতম শেরপুর পৌরসভায় ২০১৯-২০২০ অর্থবছরে ১২৬ কোটি ৭৪ হাজার ৭১৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে পৌর অডিটোরিয়াম মিলনায়তনে নাগরিক ও সুশীল সমাজসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন পৌরসভার ইতিহাসে সর্ববৃহৎ ওই বাজেট ঘোষণা করেন। ওইসময় তিনি শহরের বিভিন্ন প্রতিষ্ঠানসহ নাগরিকদের নিয়মিত পৌরকর পরিশোধের পাশাপাশি পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, নান্দনিক ও গ্রীন সিটি হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রস্তাবিত বাজেটে পৌরসভার রাজস্ব খাতে ১৩ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৫২১ টাকা আয় ও ১২ কোটি ৮৭ লাখ ৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া উন্নয়ন খাতে সরকারি মঞ্জুরি, তৃতীয় নগর পরিচালন, অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প, ডিপিপি, জলবায়ু প্রকল্প ও মূলধনসহ ১০৯ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার ৮৫৪ টাকা আয় এবং ওইসব খাতে মোট ১০৬ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এতে বাজেটে সর্বমোট ১১৮ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা ব্যয় বাদে উদ্বৃত্ত ধরা হয়েছে ৭ কোটি ৯২ হাজার ৭১৫ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক মেয়র হুমায়ুন কবীর রুমান। ওইসময় তিনি গরিব-মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষাখাতে এবং গরিব-অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরেন। সেইসাথে শহরে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ নান্দনিক গ্রীন সিটি গড়তে শহর ও শহরের উপকণ্ঠের রাস্তার দু’পাশে বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পৌর পরিষদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র আতিউর রহমন মিতুল ও কাউন্সিলর বাদশা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, এসএম মুসা প্রমুখ। প্রাক্কলিত বাজেট ও নাগরিক সুবিধার ওপর মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, তালাত মাহমুদ, আসাদুজ্জামান মোরাদ, জিএইচ হান্নান, রওশন কবীর আলমগীর, মহিউদ্দিন সোহেল প্রমুখ। ওই সময় পৌর মেয়র নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাজেট বাস্তবায়নে পৌর নাগরিকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ ও নাজমা আক্তারসহ অন্যান্য কাউন্সিলর, নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ রেজাউল করিম, সচিব আবু লায়েস মোঃ বজলুল করিম বাপ্পী, হিসাব রক্ষক হাছান মাহমুদ শেলীম আলমসহ অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ টিএলসিসির সদস্য ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।
এদিকে গত অর্থবছরে (২০১৮-২০১৯) ৭৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার ৬শ ৭০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হলেও সংশোধিত বাজেট নির্ধারিত হয়েছিল ৩৬ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২১৫ টাকা, যা প্রস্তাবিত বাজেটের অর্ধেকেরও কম। এবার পৌরসভার ইতিহাসে সর্ববৃহৎ বাজেট ঘোষিত হওয়ায় সেটাও কতভাগ সফল হবে তা নিয়ে সন্দিহান সচেতন মহল। তবে এ বিষয়ে পৌর সচিব আবু লায়েস মোঃ বজলুল করিম জানান, রাজস্ব ঘাতে ঘাটতি না হলেও উন্নয়নসহ বিভিন্ন খাতে চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়া গিয়েছিল। যে কারণে ওইসব খাতেই বড় ঘাটতি হয়েছে। এবার দেড়শ বছর পূর্তি উৎসব উপলক্ষে সরকারের দায়িত্বশীল মহলের প্রতিশ্রুতি মোতাবেক বড় ধরনের উন্নয়ন বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় রেকর্ড বাজেট হয়েছে এবং সেটা পূরণ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।























