নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বুধবার নকলা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক প্রমুখ।

আলোচনা সভা শেষে হরিজনের নামে বিশেষ বরাদ্দসহ উপজেলার সকল ধরনের ভাতা ভোগীদের তালিকা প্রস্তুত করে উপজেলা সমাজ সেবা অফিসারের নিকট জমা দেওয়ার জন্য উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগনকে তাগিদ দেওয়া হয়। এছাড়া উপজেলার সকল সরকারি দপ্তর প্রধানদের সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ প্রয়োজনে বিভিন্ন উপকমিটি করে ওইসব কমিটির মাধ্যমে যথাযথভাবে ব্যয়ের জন্য নির্দেশ প্রদান করা হয়। ওইসময় নকলা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।























