নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে নির্মাণাধীন মরিচপুরান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভবনের ঠিকাদারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ জুন রবিবার তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে উপজেলার ভোগাইপাড় গ্রামের আব্দুল বারেকের ছেলে বিল্লাল হোসেন (৩৮) ও উত্তর কুন্নগর গ্রামের নূর ইসলামের ছেলে বেলায়েত হোসেন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের পিছলাকুড়ি গ্রামে শিক্ষিত বেকার যুবক/যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নিজের টিআর/কাবিটার অর্থ দিয়ে ৭ একর জমিতে মাটি ভরাট করেন। পরবর্তীতে সাড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে ওই কলেজের ভবন নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু কাজ শুরুর পর থেকেই ঠিকাদারের কাছে স্থানীয় একদল যুবক তাদের কাছ থেকে বালু কেনার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে চাপ দিতে শুরু করে। ওই দাবিতে মাঝে মধ্যেই তারা কাজ বন্ধ করে দিত। ওই প্রস্তাবে রাজী না হওয়ায় শনিবার বিকেলে তারা নির্মাণাধীন ভবনের সামনে ঠিকাদারের অফিসে গিয়ে ২ কর্মচারীকে লাঞ্ছিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ওই ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার শাহজাহান আলী চাঁদা দাবির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।























