ডিসি উদ্যানের ক্ষতিসাধনের বিষয়ে জেলা প্রশাসনের আবেগঘন স্ট্যাটাস
শ্যামলবাংলা ডেস্ক : শেরপুর জেলা শহরের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হওয়া ডিসি উদ্যানের নান্দনিক সৌন্দর্য বিনষ্টে ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে। সম্প্রতি ডিসি উদ্যানের রঙিন লাইট, লাইট কভার ও মরিচ বাতির বিদ্যুৎ সংযোগ ছিড়ে ওই ক্ষয়-ক্ষতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জেলা প্রশাসন। এ সংক্রান্তে ২৫ মে শনিবার রাতে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজ ও সহকারী কমিশনার (আইসিটি) মোস্তাফিজুর রহমান শাওনের ফেসবুকে দেওয়া আবেগঘন স্ট্যাটাস সচেতন মহলকে নাড়িয়ে তুলেছে। শ্যামলবাংলা২৪ডটকম’র পাঠকদের জন্য ওই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :

‘আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের (শেরপুর শহরবাসীর) সামনে হাজির হয়েছি………
আমরা যারা প্রশাসনে চাকরী করি তারা কোন সময়’ই নিজের জেলায় চাকরী করতে পারিনা (নীতিমালায় নেই বিধায়)। তাই যখন’ই আমাদের যেই জেলায় পদায়ন হয় সেই জেলাকে নিজের জেলা মনে করে ঐ জেলার উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে যাই।

শেরপুর জেলায় আমার পদায়ন দু’বছর হয়েছে। এই দুই বছরে চোখের সামনেই দেখেছি ডিসি স্যার ও অন্যান্য স্যারগণ এই প্রান্তিক জেলার উন্নয়নে কীভাবে দিন নেই-রাত নেই খেটে চলেছেন। প্রশাসন পরিবারের সদস্য হিসেবে এই জেলাকে নিজের মনে করে জেলার উন্নয়নে স্যারদের সাথে আমরাও কাজ করে চলেছি সকাল থেকে গভীর রাত অব্দি। ঘরির দিকে তাকিয়ে মাঠ প্রশাসনের কেউ অফিস ত্যাগ করতে পারিনা। এখনো প্রায় প্রতিদিন আমরা কাজ শেষ করে রাত ৯টা/ ১০টার আগে বাসায় ফিরতে পারিনা। পরিবারের কথা ভুলে, পরিবারের সদস্যদের কথা ভুলে, পরিবারের সদস্যদেরকে কিছুটা বঞ্চিত করে’ই এই জেলার উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এই জেলা যে নিজের নয়; এ কথা আমরা কখনো মনে’ই আনিনা।
জেলা শহর; শহরে কোথায় একটা হাটার পার্ক নেই, একটা বিনোদনের স্থান নেই, শিশুদের খেলার ও আনন্দ করার একটা শিশু পার্ক নেই! এসব দিক বিবেচনা করে ২০১৭ সালে সে সময়ের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন স্যার ডিসি অফিসের সামনের পরিত্যাক্ত ময়লার স্তুপ ও মাদকাসক্তদের স্থান হিসেবে পরিচিত স্থানটিকে পরিচ্ছন্ন করে সকলের জন্য উন্মুক্ত একটি পার্ক গড়ে তোলার কাজে হাত দেন। পার্কের মধ্যে দিয়ে ডায়বেটিক’স রোগীদের পায়ে হাটার ওয়াকওয়ে তৈরি করে দেওয়া হয়। লেকের চার পাশ দিয়ে ওয়াকওয়ে তৈরি করে দেওয়া হয়। পার্কের পূর্ব কর্ণারে স্থাপন করা হয় শিশু কর্ণার এবং দক্ষিণ কর্ণারে স্থাপন করা হয় নয়নাভিরাম ঝর্ণা। ডিসি লেকে সকল বয়সীদের বিনোদনের জন্য চালু করা হয় প্যাডেল বোর্ট। লেকের উপরে স্থাপন করা হয় বাঁশের তৈরি সেলফি ব্রিজ।
বছর ঘুরতে না ঘুরতেই এক সময়কার পরিত্যাক্ত স্থানটি হয়ে ওঠে শহরের সকল শ্রেণী পেশার মানুষের প্রাণকেন্দ্র। জেলার সকল মেলা ও আনন্দ উৎসবে সবাই ডিসি লেক ও ডিসি উদ্যানে বেড়াতে আসে। ডিসি স্যার বদলি হয়ে গেলেও উন্নয়ন থেমে থাকেনি। নতুন ডিসি; আনার কলি মাহবুব স্যার এসেই এই পার্কের ও জেলার উন্নয়নের জন্য নিরালসভাবে কাজ শুরু করেন। ডিসি লেকের ও পার্কে স্থাপন করেন করে রঙিন লাইট। সন্ধ্যা নামলে যখন রঙিন আলো জ্বলে তখন মনে হয় আমরা বিদেশের কোন লেকের পাশে বসে আছি। সেলফি ব্রিজের উপরে স্থাপন করেন চমৎকার সৌখিন রঙিন মরিচা বাতি। লাগানো হয় এলইডি ইলেকট্রনিক সাইনবোর্ড। আহ! ডিসি উদ্যান ও ডিসি লেক এখন যেন পূর্ণতা পায়। মনে হয় এ যেন রঙিন আলোর এক মায়াময় স্বপ্নিল পরিবেশ।
আমাদের মধ্যে দু’এক জনের কারণে (সবাই না) আজ মানুষ আমরা স্বধ্বংসাত্মক জাতিতে পরিণত হয়েছি। কারণ তা নাহলে কীভাবে আমরা আমাদের প্রাণের ডিসি উদ্যান ও ডিসি লেকের ক্ষতি করি? কারণ তা নাহলে কীভাবে আমরা আমাদের ডিসি উদ্যান ও ডিসি লেকের রঙিন লাইটগুলো ভেঙে ফেলি??? কারণ তা নাহলে কীভাবে আমরা লাইট কাভার গুলো পিটিয়ে ভেঙে ফেলি??? কারণ তা নাহলে কীভাবে আমরা হাত দিয়ে টেনে রঙিন আলোর বিদ্যুৎতের সংযোগ ছিড়ে ফেলি??? এগুলোতো আমাদের’ই সম্পদ ছিল। এগুলোতো আমাদের বিনোদনের জন্য’ই স্থাপন করা হয়েছিল!
পরিশেষে বলতে চাই, ডিসি স্যার এর নির্দেশনা ও উৎসাহে আমরা আরো বেশি বেশি করে কাজ করে যাবো এই জেলার জন্য। এই জেলার মানুষের সার্বিক উন্নয়ন ও সেবার জন্য। কীভাবে এই পার্কের বিভিন্ন নতুন নতুন সেবা সংযুক্ত করে মানুষের বিনোদন সেবার পরিসর বৃদ্ধি করা যায় সেই দিকে আমরা কাজ করে যাবো।
আপনাদের কাছে শুধু অনুরোধ এই জেলাটাকে নিজের মনে করে এর উন্নয়নে একটু হলেও ভূমিকা রাখুন। আর ভূমিকা রাখতে না পারলেও প্লিজ হাত জোর করে বলছি এর পরিবেশ নষ্ট করবেন না বা এমন ধ্বংসাত্মক কিছু করবেন না যাতে এই জেলার উন্নয়ন ব্যাহত হয়।
কল্যাণ হোক সকলের।’























