ড. আবদুল আলীম তালুকদার
‘শবে বরাত’ বা মধ্য শা’বানের রজনী নিয়ে এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে যেমন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় তেমনিভাবে এ বিষয় নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে আালেম-উলামা-ইসলামী চিন্তাবিদদের মাঝে আলোচনা-সমালোচনা-পর্যালোচনা ও তুমুল বিতর্কও অহরহ শোনা যায়। ‘শব’ শব্দটি ফারসি ভাষা থেকে উৎকলিত, যার অর্থ রাত বা রজনী আর ‘বরাত’ শব্দটি আরবি ‘বারাআত’ শব্দ থেকে গৃহীত, যার অর্থ বিমুক্তকরণ, সম্পর্ক ছিন্ন করা, নির্দোষ প্রমাণিত হওয়া ইত্যাদি। সুতরাং শাব্দিক অর্থে ‘শবে বরাত’ অর্থ বিমুক্তকরণ রজনী। যদিও আমাদের দেশে ‘শবে বরাত’ অর্থ ভাগ্য রজনী হিসাবে আখ্যায়িত করা হয়। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন স্থানের অনেক মুসলমান ইবাদত-বন্দেগীর মাধ্যমে এই রাত্রি উদ্যাপন করে থাকেন। তবে মুসলিমদের কোনো কোনো দল-উপদল এই রাতে বিশেষ কোনো ইবাদাতের সরাসরি নির্দেশ নেই বলে মনে করে থাকেন।
‘লাইলাতুল্ বরাত’এর বেশ কয়েকটি আলাদা নাম রয়েছে, যেমন-(১) ‘লাইলাতুম্ মুবারাকাহ্’ তথা বরকতময় রাত; কেননা এ রাতে নেক্কারদের ওপর অধিক পরিমাণে বরকত অবতীর্ণ হয়। (২) ‘লাইলার্তু রহমত’ বা রহমতের রাত; কেননা এ রাতে আল্লাহ্ পাকের বিশেষ রহমত অবতীর্ণ হয়। (৩) ‘লাইলাতুল্ বরাত’ বা মুক্তির রাত; কেননা এ রাতে মু’মীন ব্যক্তির মুক্তি লেখা হয় এবং অসংখ্য জাহান্নামীদের মুক্তি দেওয়া হয়। (৪) ‘লাইলাতুল্ ক্বিস্মাহ্ ওয়াত্ তাক্বদীর’ বা তাক্বদীর বণ্টনের রাত; কেননা এ রাতে মানুষের রিযিক বণ্টন করা হয়। (৫)‘লাইলাতুত্ তাগ্ফীর’ বা ক্ষমার রাত; যে রাতে অপরাধীদের অপরাধ ক্ষমা করা হয়। (৬) ‘লাইলাতুল্ ইজাবা’ বা দু’আ কবুলের রাত, কেননা এ রাতে দু’আ কবুল হয়। (৭) ‘লাইলাতুল্ হায়াত’ বা হায়াতে-জিন্দেগীর ভাগ্য নির্ধারণের রাত। (৮) ‘লাইলাতুল্ ঈদিল্ মালায়িকা’ বা ফেরেশ্তাদের খুশির রাত; কেননা এটি ফেরেশ্তাদের দু’টি ঈদের একটি। (৯)‘লাইলাতুত্ তাযীম’ বা সম্মানিত রাত। (১০) ‘লাইলাতুল্ গুফ্রান্ ওয়াল্ ইত্কি মিনান্ নিরান্’ বা ক্ষমা করার রাত এবং জাহান্নাম থেকে মুক্তির রাত। (১১) ‘লাইলাতুল্ ক্বদর’ বা ভাল-মন্দ নির্ধারণের রাত; কেননা এ রাতে মানুষের হায়াত-মউত ও রিযিক নির্ধারণ করা হয়। (১২) ‘লাইলাতুস্ সক্’ বা দফ্তর লিপিবদ্ধের রাত; কেননা এ রাতে আমলের দফ্তর লিপিবদ্ধ করা হয়।
হাদীস শরীফে উল্লেখিত ‘লাইলাতুন্ নিস্ফী মিন্ শা’বান’-ই ভারতীয় উপমহাদেশে ‘শবে বরাত’ হিসেবে পরিচিত। তাদের মতে, বান্দাহ্ যদি এ রাতে নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে চক্ষু হতে অশ্রু প্রবাহিত করে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ্ রাব্বুল আ’লামীন তার পাপরাশি ক্ষমা করে দিয়ে তাকে মা’সুম বান্দাহ্ হিসেবে পরিগণিত করেন বলে তারা বিশ্বাস করেন।
যদিও এই বিশেষ রাতের ব্যাপারে পবিত্র কুরআনুল্ কারীমে সরাসরি কোনো নির্দেশনা পাওয়া যায় না এবং হাদীস শরীফেও সরাসরি ‘লাইলাতুল্ বারাআত’ বা ‘শবে বরাত’ পরিভাষাটির ব্যবহার লক্ষ্য করা যায় না। সাহাবী-তাবেয়ীগণের যুগেও এ পরিভাষাটির সাথে মুসলমানগণ পরিচিত ছিলেন না। তাঁদের যুগের অনেক পরে এ রাতকে ‘লাইলাতুল্ বারাআত’ বা ‘বিমুক্তির রজনী’ বলে আখ্যায়িত করার প্রচলন শুরু হয়। মুহাদ্দিসীনে কিরাম ও ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে, হিজরী ৪৪৮ সনে মুসলিমদের প্রথম কা’বা বাইতুল্ মুকাদ্দাসে এ রজনীতে এ পদ্ধতিতে প্রথম সালাত আদায়ের প্রচলন শুরু হয়। তবে কুরআনুল্ কারীমের সূরা দুখানের দু’টি আয়াতের ব্যাখ্যায় মুফাস্সিরে কিরামগণ ‘লাইলাতুল বারাআত’ তথা ‘শবে বরাত’ প্রসঙ্গে আলোচনা করেছেন। যেখানে মহান আল্লাহ্ পাক ইরশাদ করেন, ‘আমি তো তা অবতীর্ণ করেছি এক মুবারক (বরকতময়) রজনীতে এবং আমি তো সতর্ককারী। এ রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরিকৃত হয়।’ অবশ্য অধিকাংশ মুফাস্সিরগণ একে শবে ক্বদরের সাথেই সম্পৃক্ত করেছেন। অবশ্য ‘লাইলাতুন্ নিস্ফি মিন্ শা’বান’ সম্পর্কে অনেক হাদীস বর্ণিত হয়েছে।
হযরত মুয়ায্ বিন জাবাল (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (স.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি চান্দ্রবর্ষের পাঁচটি রাত তথা শা’বান মাসের ১৫ তারিখের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আয্হার রাত, আ’রাফার রাত এবং যিল্হাজ্ব মাসের ৮ তারিখ রাত ইবাদত-বন্দেগীর মাধ্যমে উদ্যাপন করবে, সে ব্যক্তিই জান্নাতের প্রকৃত হক্বদার হয়ে যাবে।
হযরত কাসীর বিন দীনার (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি সওয়াবের নিয়্যতে শা’বান মাসের ১৫ তারিখের রাত এবং দুই ঈদের দুই রাত আল্লাহর আরাধনায় উদ্যাপন করবে, তার অন্তর মরার দিনেও মরবে না এবং সে জান্নাতে প্রবেশ করার উপযোগী হয়ে পড়বে।’ এভাবেই রাসূল (স.) নিজে এই রাত উদ্যাপন করে স্বীয় উম্মতকে নির্দেশ দিয়েছেন যে, তোমরা এ রাতে নামায আদায় কর, আল্লাহ্কে স্মরণ কর এবং দিনের বেলা রোযা পালন কর।
হযরত আলী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (স.) বলেছেন, শা’বান মাসের ১৫ তারিখ উপনীত হলে তোমরা ইবাদতের মাধ্যমে রাত উদ্যাপন কর এবং দিনের বেলা সাওম পালন কর। কেননা, মহান আল্লাহ্ পাক সূর্য অস্তমিত হবার পর প্রথম আসমানে অবতীর্ণ হয়ে বলেন, ক্ষমা প্রার্থনা করার কে আছ ? যাকে আমি ক্ষমা করব, রিযিক প্রার্থনা করার কে আছ ? যাকে আমি রিযিক প্রদান করব, কে বিপদগ্রস্ত আছো ? যাকে আমি বিপদ মুক্ত করব; এভাবে ফযর পর্যন্ত বান্দাদের কাছ থেকে বিভিন্ন কিছু প্রার্থনার জন্য আল্লাহ্ পাক আহ্বান করতে থাকেন (ইবনে মাজাহ্)।
হযরত আবু মূসা আশ্আরী (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (স.) বলেছেন, ‘মহান আল্লাহ্ তায়ালা বরাতের রজনীতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশ্রিক ও বিদ্বেষপোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। ইবনু খাজাহ্ আবু সা’লাবা আল খুশানী (রা.) বলেন, রাসূলুল্লাহ্ (স.) বলেছেন, যখন মধ্য শা’বানের রাত আসে, তখন আল্লাহ্ তা’য়ালা তার সৃষ্টজীবের প্রতি দৃষ্টিপাত করেন। অত:পর মু’মীনদের মার্জনা করে দেন। আর হিংসা-বিদ্বেষ ও পরশ্রীকাতরতায় লিপ্তদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন।
বড়পীর হযরত আবদুল কাদির জিলানী (র.) বলেছেন, দুনিয়ায় ঈদুল আয্হা ও ঈদুল ফিতর নামে মুসলমানদের জন্যে দু’টি ঈদ রয়েছে, তেমনি ঊর্ধ্বাকাশসমূহে ফেরেশ্তাগণের জন্যেও দুটি ঈদ রজনী রয়েছে। এর একটি হচ্ছে শবে ক্বদর, অপরটি হচ্ছে শবে বরাত। মু’মীন-মুসলমান বান্দাদের জন্যে ঈদ উৎসব পালনের সময় নির্ধারণ করা হয়েছে দিনের বেলা আর ফেরেশ্তাদের ঈদ উৎসব পালনের সময় নির্ধারণ করা হয়েছে রাতের বেলা। কেননা মানুষ রাতের বেলা নিদ্রা যাপন করে পক্ষান্তরে ফেরেশ্তাদের কোন ঘুম-নিদ্রার প্রয়োজন নেই।
প্রখ্যাত ফকীহ্ ইবনু নুজাইম হানাফী (র.) বলেন, ‘শা’বান মাসের ১৫ তারিখ, যিলহজ্ব মাসের ১০ তারিখ, দুই ঈদের দুই রাত এবং রমযান মাসের শেষ ১০ রাত জেগে ইবাদত করা মুস্তাহাব।
অন্য এক বর্ণনায় আছে, এ রজনীতে আল্লাহ্ তায়ালা কিছু সংখ্যক মানুষ ছাড়া সমস্ত ঈমানদার ব্যক্তির গুণাহ্ ক্ষমা করে দেন। পরিপূর্ণ তওবা-এস্তেগ্ফার ব্যতীত এ রাতে যাদের গুণাহ্ মাফ করা হবে না তারা হল: ১. র্শিককারী ২. হিংসা-বিদ্বেষকারী ৩. পিতামাতার অবাধ্য সন্তান ৪. পায়ের নীচের গিরা ঢেকে কাপড় পরিধানকারী ৫. মদ্যপানকারী ৬. আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ৭. যাদুকর ৮. হস্তরেখা দেখে ভাগ্য নির্ণয়কারী ৯. জ্যোতিষী ১০. অদৃশ্যের সংবাদদাতা ১১. অন্যায়ভাবে খাজনা-কর আদায়কারী ১২. জোর-জবরদস্তি করে ক্ষমতা দখলকারী অত্যাচারী শাসক ১৩. বাদ্যযন্ত্রবাদক ১৪. অশ্লীল নৃত্য-গান পরিবেশনকারী এবং ১৫. লটারী-জুয়া খেলায় অভ্যস্ত ব্যক্তি ১৬. যিনা-ব্যভিচারকারী এবং ১৭. অনৈতিক কাজে লিপ্ত অত্যাচারী সৈনিক।
হাদীস শরীফে নি¤েœাক্ত আমলগুলো পালনের প্রতি তাগিদ প্রদান করা হয়েছে: ১. এ রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত তথা কুরআন তিলাওয়াত করা, অধিকহারে দরূদ শরীফ পাঠ করা এবং নফল নামায আদায় করা। ২. কোনো বিশেষ ব্যবস্থা বা আয়োজন না করে সাধারনভাবে এ রাতে কবরস্থানে গমণ করা এবং মৃত ব্যক্তিদের জন্য দু’আ-দরূদ-ইস্তিগ্ফার পাঠ করা। ৩. ১৫ শা’বান তারিখে সম্ভব হলে রোযা পালন করা। রাসূলে পাক (স.) বলেছেন, যখন তোমাদের সামনে শা’বান মাসের পঞ্চদশ রাত উপস্থিত হয় তখন তোমরা সেই রাতে বেশি বেশি নামায আদায় করো এবং দিনের বেলায় সাওম পালন করো।
এ রাতের বিষয়ে প্রধান ৪ ইমামের ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। যেমন- ইমাম মালেক (র.) ও তার অনুসারী ফকীহ্ ও ইমামগণ এই রাতে বাধ্যতামূলকভাবে বিশেষ ইবাদত পালন করতে নিষেধ করেছেন। ইমাম শাফেয়ী (র.) এর মতে, এ রাতে ব্যক্তিগতভাবে একাকী নিজ গৃহের মধ্যে ইবাদাত ও দু’আ-মুনাজাতে থাকা মুস্তাহাব। ইমাম আ’যম আবু হানিফা (র.) ও ইমাম আহমদ (র.) এ বিষয়ে কোনো সুস্পষ্ট মতামত ব্যক্ত করেননি।
অধিকাংশ আলেমদের অভিমত, ইসলামে এ রাতের ইবাদাত-বন্দেগী নিয়ে বিশেষ কোনো নিয়ম-নীতি সুস্পষ্টভাবে নির্ধারিত নেই। কিন্তু কেউ কেউ শবে বরাতের জন্য আলাদা পদ্ধতির নামায নির্ধারিত আছে বলে মনে করেন। কিন্তু এ বিশেষ পদ্ধতির নামায সম্পর্কে হাদীসের যে রেওয়ায়েতগুলো আছে, তা সবই অমূলক, মওযু ও দুর্বল।
তবে শা’বান মাসের ১৫ তারিখের বরকতময় এ রজনীতে যার যার সাধ্য অনুযায়ী তওবা-ইস্তিগ্ফার ও ইবাদত-বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহ্ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য নিবিষ্ট থাকাই মু’মীনের কর্তব্য। অথচ কিছু সংখ্যক অতি উৎসাহী লোক বিশেষ করে তরুণ-যুব সমাজ এ রাতে এমন কিছু ইসলাম বহির্ভূত কাজে (যেমন- বাধ্যতামূলকভাবে র্শিনি বা হালুয়া-রুটি বিতরণ, মসজিদে চমক্দার আলোকসজ্জার ব্যবস্থাকরণ, আতশ্বাজী পোড়ানো, পট্কা ফোটানো, ইবাদত-বন্দেগীর পরিবর্তে সারা রাতব্যাপী মসজিদ-মাজারে দল বেঁধে ঘুরে ঘুরে আনন্দ-উল্লাস করা ইত্যাদি) লিপ্ত থাকে যেগুলো ইসলামে সম্পূর্ণ নাজায়িয ও বিদ্আতি কাজ।
ইসলামের ৪টি মৌলিক ইবাদত (নামায, রোযা, ক্ষেত্র বিশেষে হজ্জ্ব, যাকাত) পালন করা মুসলমানদের ওপর ফরয তথা অবশ্য কর্তব্য। এ ইবাদতগুলো পালন না করলে বান্দাহ্ গুণাহগার হবেন, মহান আল্লাহ্ পাক তার ওপর অসন্তুষ্ট হবেন এবং এর জন্য তাঁকে অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে এবং এ অপরাধ আল্লাহ্ পাকের নিকট অমার্জনীয়। কোনো বান্দাহ্ যদি সারা বছর ফরয ইবাদতগুলো প্রতিপালন না করে শুধুমাত্র শবে বরাত তথা শা’বান মাসের ১৫ তারিখের রাতে নির্ঘুম নফল ইবাদত পালন করে নিষ্পাপ হওয়ার আশায় রাত্রি কাটিয়ে দেয়; তাহলে তার মতো নির্বোধ, হতভাগা, পাপীষ্ঠ এ পৃথিবীতে দ্বিতীয়জন আর নেই। কেননা ১৫ শা’বান তারিখ রাতের ইবাদত ঐ বান্দার কাজে আসবে যে বান্দা সারা বছর আল্লাহ্ তায়ালার ভয়ে হালাল রিযিক ভক্ষণ করেছে, হারাম বস্তুর ধারে-কাছেও যায়নি, সঠিক পন্থায় ৫ ওয়াক্ত নামায আদায় করেছে, রমযান মাসে রোযা পালন করেছে, হজ্জ্ব-যাকাত (যদি তার ওপর ফরয হয়ে থাকে) আদায় করেছে, পিতা-মাতার খেদমত করেছে, অন্যায়ভাবে কারো অধিকার নষ্ট করেনি, কাউকে মনোকষ্ট দেয়নি তথা সারা বছর ইমানের সাথে তাক্ওয়া অবলম্বন করা চেষ্টা করেছে। আর সারা বছর আল্লাহ্ পাকের ফরযকৃত এসব ইবাদত তরক করে শুধুমাত্র শবে বরাতের রাতে নফল ইবাদত-বন্দেগী করে বেহেশ্তের আশা করা অর্থহীন। সারা বছর ফরয ইবাদত বাদ দিয়ে এক রাত জেগে নফল ইবাদত পালন করা আল্লাহ্ তায়ালার কাছে এর কোনো ফায়দা নেই। ১৫ শা’বান তারিখের রাত্রের ইবাদত পালন করে সে-ই লাভবান হবে যে সারা বছর আল্লাহর হক ও বান্দার হক পুরোপুরি প্রতিপালন করেছে।
সবশেষে আমাদের আর একটি বিষয়ে সজাগ থাকতে হবে, তা হলো এ রাতে জাগ্রত থাকতে যেয়ে ফজরের নামায যেনো কোনো অবস্থাতেই তরক না হয়ে যায়। কেননা, এ সারারাতের বিশেষ আমলও ফজরের ফরয নামাযের বিকল্প বা সমতুল্য হতে পারে না। যেহেতু ফজরের নামায হচ্ছে ফরয আর এ রাতের বিশেষ ইবাদাত-বন্দেগী হচ্ছে নফল। তাই ফজরের ফরয নামাযকেই আগে প্রাধান্য দিতে হবে। তাই অন্যান্য ফরয তথা আবশ্যকীয় ইবাদাত পালনের পাশাপাশি সঠিক নিয়মে এ রাতে ইবাদাত-আ’মল করার মাধ্যমেই কেবল আল্লাহ ও তাঁর প্রিয় রাসূলের সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
লেখক: কবি, গবেষক ও প্রাবন্ধিক। E-mail: dr.alim1978@gmail.com























