স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সোমবার দুপুরে জেলা জজ আদালত অঙ্গনে আয়োজিত ওই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি আইনজীবীদের সমাজ ও জাতির বিবেক উল্লেখ করে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও নাশকতারোধে সক্রিয় ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি ওইসব অপরাধে জড়িতদের বিচার নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহবান জানান। তিনি জেলা জজ আদালত অঙ্গনে বহুল প্রতীক্ষিত সিজেএম আদালত ভবন নির্মাণে আইনজীবীদের দাবির সাথে একমত পোষণ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় তা করা হবে বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ কেএম শহীদ আহম্মেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছ বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন কমিশনার এডভোকেট জাহিদুল হক আধার। অনুষ্ঠানে অতিথিরা নবনির্বাচিত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। অন্যদিকে নবনির্বাচিত কর্মকর্তারা অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এছাড়া অনুষ্ঠানে বদলিজনিত কারণে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার ও মোমিনুন্নেছা খানমের হাতেও তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। ওইসময় অন্যান্য বিচারকগণ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকগণসহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।























