স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ৫ দিনব্যাপী বইমেলা শেষ হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সোমবার শহরের ডিসি উদ্যানে আয়োজিত ওই মেলার শেষ দিনে বইপ্রেমী বিভিন্ন বয়সী মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয়। মেলায় উপচে পড়া ভিড়ের সুবাদে বইয়ের স্টলগুলোতে বিক্রিও হয়েছে বেশ ভালোই। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সুবিন্যস্ত স্টলগুলো প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা ছিল। শিশু-কিশোর, তরুণ-তরুণীদের ভিড়ে প্রতিদিনই মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত।
মেলায় বইয়ের স্টলগুলোতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, হুমায়ূন আহমেদ, সৈয়দ শামসুল হকের বইয়ের পাশাপাশি শেরপুরের নবীন কবি-লেখকদের প্রকাশিত বইয়ের প্রতি পাঠকের অধিক আগ্রহ লক্ষ্য করা যায়।
বইমেলায় শেরপুরের কবি হাদিউল ইসলামের আগুনের শিড়দাঁড়া, কবি মহিউদ্দিন বিন জুবায়েদের ভোর হলো দোর খুলো, প্রজাপতির রঙিন ডানা, আল্লাহর পরিচয়, রাবিউল ইসলামের স্বচ্ছ ভালোবাসা, মোহাম্মদ রবিউল ইসলাম টুকুর বুকের জমিনে বসতি, আশরাফ আলী চারুর নির্বাক জননী, মুরাদ খানের ছারপোকাগুলি জেগে আছে, অভিজিৎ চক্রবর্তীর ভুল শব্দে আওড়ে গিয়েছি প্রার্থনা ও মধ্যাহ্ন মুখোশ, তন্ময় সাহার ডাকবাক্সের তলায় ধুলো, মোঃ হানজালার সুবর্ণ দিনেও বিবর্ণ, মামুনুর রশিদ সম্পাদিত কাব্যগ্রন্থ আলোর প্রভাতসহ বেশ কিছু বই স্থান পেয়েছিল। বিক্রেতারা জানান, মেলায় প্রায় ৫ লাখ টাকার মতো বই বিক্রি হয়েছে।
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে শহরের ডিসি উদ্যানে ফিতা কেটে ৫ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক। মেলায় স্টল ছিল ১০টি।
























