নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক জঙ্গী নির্মূল করি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরের নকলায় মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা বিষয়ে এক জনসচেতনতামূলক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে নকলা থানা আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা। ওইসময় তিনি বলেন, মাদক ও জঙ্গিবাদ নির্মূল করতে পুলিশ বদ্ধপরিকর। সুন্দর মাদক ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়তে একতাবদ্ধ হই।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস-চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ও জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, প্রধান শিক্ষক এবিএম বেনজির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধে শপথ বাক্য পাঠ করান। ওইসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ হাজারও জনগণ উপস্থিত ছিলেন।
























