নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স-এর ব্যবস্থাপনায় ২৭ হাজার ১৬৮ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২১৭ টি ভেনুর মাধ্যমে বিরতিহীনভাবে উপজেলার প্রাপ্য ওইসব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এতে ১০৮ জন প্রথম সারির তদারককারীর নিয়ন্ত্রনে ৪৩৪ জন স্বেচ্ছাসেবক কর্মী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করেন।

মেডিকেল টেকনোলজি-ইপিআই (এমটিইপিআই) মো. আব্দুর রহিমের দেয়া তথ্য মতে, উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৮১৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার ৩৫০ জন। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান জানান, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, তাই শতভাগ অর্জন হয়েছে। উপজেলায় ২১৬ টি অস্থায়ী এবং একটি স্থায়ী ইপিআই কেন্দ্রের মাধ্যমে ওইসব ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে তিনি জানান।
























