স্টাফ রিপোর্টার ॥ মনোনয়নপত্র বাতিল ঘোষণার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছেন শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী একেএম মোখলেসুর রহমান রিপন। তিনি ৩ ডিসেম্বর সোমবার নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ওই আপিলের শুনানী হবে।
আপিল দায়ের ও শুনানীর তারিখের বিষয়টি নিশ্চিত করে বিএনপি প্রার্থী একেএম মোখলেসুর রহমান রিপন বুধবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, উপজেলা চেয়ারম্যানের পদ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দেওয়া পদত্যাগ পত্রের প্রাপ্তি স্বীকারসহ জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর তার মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। কিন্তু ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে পদত্যাগপত্র গৃহীত হওয়া সংক্রান্ত চিঠি না দিতে পারায় তা বাতিল করা হয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে আপিলে হেরে যাওয়ার কারণ দেখি না। তারপরও সেটা ঘটলে প্রয়োজনে উচ্চ আদালতে যাব।
উল্লেখ্য, শেরপুর-২ আসনে নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একেএম মোখলেসুর রহমান রিপনকে সর্বাগ্রে দলের মনোনয়ন দেওয়া হলেও পরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সচিব ব্যারিস্টার এম হায়দার আলী ও প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর পুত্র, দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরীকেও দেওয়া হয় মনোনয়ন। বাছাইকালে রিপনের মনোনয়ন বাতিল হলেও টিকে যান হায়দার আলী ও ফাহিম চৌধুরী।
























