শ্যামলবাংলা ডেস্ক : সৌম্য-ইমরুলের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। হোয়াইটওয়াশের স্বাদ দিতে ২৮৭ রানের জবাবে ৩ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করে টাইগাররা। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ২৮৭ রানের লক্ষ্য ৪৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে মাশরাফির দল।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথমে ব্যাট করে শন উইলিয়ামসের সেঞ্চুরি ও ব্রেন্ডন টেইলরের হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করেন সফরকারীরা।
জিম্বাবুয়ে দেয়া টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রেকর্ড ২২০ রানের জুটি গড়ে দলের জয়ের পথ সহজ করে দেন ইমরুল কায়েস। বাংলাদেশ ৪৭ বল আগে ৭ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে দলের বাইরে থাকা সৌম্য শুক্রবার সিরিজের শেষ ম্যাচে দলে ফিরেই সেঞ্চুরি তুলে নেন। ওয়ানডে ক্রিকেটে নিজের ৩৫তম ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ৯২ বল খেলে ৯ চার ও ৬ ছক্কায় ১১৭ রান করেন সৌম্য।

একদিনের ক্রিকেটে সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৫ সালের এপ্রিলে ঢাকায়। পাকিস্তানের বিপক্ষে ১১০ বল খেলে ক্যারিয়ার সেরা ১২৭* রান করেন সৌম্য। ওয়ানডেতে ছয়টি ফিফটির পাশাপাশি তার দুটি সেঞ্চুরি রয়েছে তার।
তবে উদ্বোধনীতে খেলতে নামা ইমরুল কায়েস ব্যক্তিগতভাবে সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। জয়ের জন্য শেষ দিকে ৬৩ বলে বাংলাদেশের প্রয়োজন মাত্র ১৩ রান। এমন অবস্থায় ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন কায়েস। তার আগে ১১২ বল খেলে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৫ রান করেন কায়েস।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে:
৫০ ওভারে ২৮৬/৫ (মাসাকাদজা ২, জুয়াও ০, টেইলর ৭৫, উইলিয়ামস ১২৯*, রাজা ৪০, মুর ২৮, চিগুম্বুরা ১*; আবু হায়দার ১/৩৯, সাইফ ১/৫১, আরিফুল ০/১৭, মাশরাফি ০/৫৬, সৌম্য ০/১৬, নাজমুল ২/৫৮, মাহমুদউল্লাহ ০/৪০)।
বাংলাদেশ:
৪২.১ ওভারে ২৮৮/৩ (লিটন ০, ইমরুল ১১৫, সৌম্য ১১৭, মুশফিক ২৮*, মিঠুন ৭*; জার্ভিস ১/৪৭, এনগারাভা ০/৪৪, টিরিপানো ০/৩৩, রাজা ০/৪৭, ওয়েলিংটন মাসাকাদজা ১/৭১, উইলিয়ামস ০/৪৩, হ্যামিল্টন মাসাকাদজা ১/৩)
























