ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে সোনালী ব্যাংক লিমিটেডের শাখা থেকে বয়স্ক ভাতার সুবিধাভোগী ছাইতন নেছা (হিসাব নং-১০১৯১) নামের হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ছাইতন নেছার ছেলে মো. শাহজাহান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝিনাইগাতী গ্রামের মৃত আইরদ্দির স্ত্রী ছাইতন নেছা নামে একটি বয়স্ক ভাতার কার্ড হয়। যার ভাতা কার্ড নম্বর- ৪/৫৩৩ ও সোনালী ব্যাংকের হিসাব নম্বর-১০১৯১। কিন্তু ছাইতন নেছা ভাতার কার্ড গ্রহণ করার পূর্বেই মৃত্যুবরণ করেন। অথচ ওই ভাতার কার্ডের বিপরীতে ব্যাংকের হিসাব থেকে গত বছরের ২৯ মার্চ ৭ হাজার ৮শ টাকা এবং একই বছরের ২৪ আগস্ট ৩ হাজার টাকা অজ্ঞাত এক ব্যক্তি জালিয়াতির মাধ্যমে উত্তোলন করে নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক একেএম শরিফ উল্ল্যাহ বলেন, মৃত ব্যক্তির হিসাব থেকে টাকা উত্তোলন হয়েছে কিনা জানি না। আমরা সমাজ সেবা কার্যালয়ের তালিকা অনুযায়ী ও কার্ড দেখে টাকা বিতরণ করে থাকি। তবে এ হিসাব (হিসাব নম্বর- ১০১৯১) থেকে টাকা উত্তোলন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এই কার্ডধারী ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তার হিসাবে ১৮ মাসের টাকা জমা ছিল। রহিম ভাই (স্থানীয় আওয়ামী লীগ নেতা) অফিস থেকে কার্ডটি রিসিভ করে নিয়ে গেছে টাকা তুলে নমিনি’র হাতে পৌঁছে দেওয়ার কথা বলে। কিন্তু তার ছেলে শাহজাহান বলছে টাকাটা পাই নাই।
এ বিষয়ে জানতে চাইলে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, এ বিষয়ে আপনার (সাংবাদিক) সাথে সাক্ষাতে বিস্তারিত বলব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
























