নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় ঈদ আনন্দ করতে রাবারড্যাম থেকে পা পিছলে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ২ বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা এলাকায় ভোগাই নদীর উপরে নির্মিত রাবারড্যামের পানির স্রোতে তলিয়ে মর্মান্তিক ওই ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছে পৌর শহরের গড়েরগাঁও এলাকার গেন্দা মিয়ার ছেলে ও নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র উমর ফারক (১২), সে পঞ্চম শ্রেণির সমাপণিতে বৃত্তি পেয়েছিলো। অন্যজন একই এলাকার আক্তার মিয়ার ছেলে ও মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণির ছাত্র শান্ত মিয়া (১২)।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফারুক ও শান্তসহ তাদের বেশ কয়েকজন বন্ধু মিলে ঈদ আনন্দ উপভোগ করতে তাদের কোচিং সেন্টারের পরিচালকের শিক্ষক সবুজ মিয়ার সাথে তারাকান্দা রাবারড্যাম দেখতে যায়। ব্রিজের পূর্বপাশে ছোট চরের মত ভেসে উঠা স্থলভূমিতে উঠে দুষ্টুমির এক পর্যায়ে পা ফসকে শান্ত, উমর ফারুক ও অজ্ঞাত আরও একজনসহ ৩ বন্ধু গভীর পানিতে পড়ে যায়। অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষক সবুজ মিয়ার ডাক চিৎকারে স্থানীরা এসে অজ্ঞাত শিক্ষার্থীকে তাৎক্ষণিক উদ্ধার করেন। কিন্তু প্রায় দেড় ঘন্টা পরে শান্তকে এবং প্রায় আড়াই ঘন্টা পরে উমর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।
ওই মর্মান্তিক ঘটনার উদ্ধার কাজ দেখতে হাজার হাজার লোকজন নদীর ২ তীরে জড়ো হন।
বিষয়টি স্থানীয় ওয়ার্ড কমিশনার ফিরোজ মিয়া ও নকলা হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকগন নিশ্চিত করেছেন। মেধাবী ২ শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম। নিহতের বাবা-মা, আত্মীয় সজন, বন্ধু বান্ধব ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।























