নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘আদিবাসী জাতিসমূহের দেশান্তর : প্রতিরোধের সংগ্রাম’ এ শ্লোগানকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার বারমারী ধর্মপল্লী এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক), বারমারী মিশন, কারিতাস ও ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নালিতাবাড়ীর যৌথ আয়োজনে ওই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পরে মিশন হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন। ট্রাইবাল চেয়ারম্যান লুইস নেংমিনজার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পালপুরোহিত মনিন্দ্র এম চিরান, আদিবাসী নেতা শ্যামল চন্দ্র হাজং, হেমারসন হাদিমা, নারী নেত্রী জোবায়দা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। পরে আদিবাসী শিশু-তরুণীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
























