স্টাফ রিপোর্টার : পরিবারের দারিদ্র্যের কারণে এক চিকিৎসক দম্পতিসহ নানাজনের সহযোগিতার হাত বাড়ানোর পরও বাঁচানো গেল না শেরপুরের মাথা জোড়া লাগা সেই যমজ ২ শিশুকে। ১৩ জুলাই শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেলা ও সুন্দরী নামে ওই ২ শিশুর মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নানা আমিনুল ইসলাম যমজ ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসকসহ অনেকেই তাদের বাঁচাতে সহায়তা করেছেন। চিকিৎসক দম্পতি ডাঃ শরিফুল ইসলাম ও ডাঃ নায়লা হোসেনের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বুধবার শেরপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকদের পর্যবেক্ষণ শুরু হওয়ার আগেই তাদের মৃত্যু হলো।
উল্লেখ্য, ৭ জুলাই সকালে শহরের মাধবপুরস্থ ফ্যামিলি নার্সিং হোমে পৌর এলাকার চাপাতলী মহল্লার গরিব রিকশাচালক রুবেল মিয়ার স্ত্রী রেহেনা বেগম (২১) মাথা জোড়া লাগানো ওই যমজ ২ কন্যা শিশুর জন্ম দেন। সিনিয়র গাইনি বিশেষজ্ঞ ডাঃ আব্দুল গণি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কোনো ধরনের জটিলতা ছাড়াই ওই মাথা জোড়া লাগানো যমজ ২ বোনকে ভূমিষ্ঠ করাতে সক্ষম হন।























