শ্যামলবাংলা ডেস্ক : কোটা বিরোধী আন্দোলনকারী মূল নেতাদের সরিয়ে আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য নতুন রাজনীতিতে নেমে পড়েছে বিএনপি-জামায়াত। মূল আন্দোলনকারীদের জোরপূর্বক হটিয়ে আন্দোলকে ভিন্নখাতে প্রবাহিত করে সরকার ও জনগণকে ভোগান্তিতে ফেলার ষড়যন্ত্র করছে স্বার্থনেষী মহল। সুষ্ঠু ও শান্তিপ্রিয় আন্দোলনকে হাতিয়ার বানিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত হয়েছে মহলটি। পাশাপাশি সাধারণ ছাত্রদের শিক্ষা জীবনকে অনিশ্চয়তায় ফেলে দেওয়ারও পাঁয়তারা করছে মহলটি।
বিভিন্ন সূত্রের তথ্যমতে, সাধারণ ও শান্তিপ্রিয় আন্দোলনকারীদের সরিয়ে আন্দোলনের নেতৃত্ব দখল করেছে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতা-কর্মীরা। সাধারণ ছাত্ররা শান্তিপ্রিয় আন্দোলন করে যখন সরকারের সাথে একটি সমঝোতায় পৌছাতে সক্ষম হয়, ঠিক সেই মুহূর্তে লন্ডনে অবস্থানরত বিএনপির পলাতক নেতা তারেক রহমানের নির্দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে শায়েস্তা করার ষড়যন্ত্রে লিপ্ত হয় বিএনপি-জামায়াতের কর্মীরা। সূত্রমতে, আন্দোলনকে সফল করার জন্য সব ধরনের রসদ যোগাচ্ছেন তারেক রহমান। আন্দোলনের কথিত নেতা রাশেদসহ একাধিক নেতাদের সাথে যোগাযোগ করে বিশৃঙ্খলা সৃষ্টির নির্দেশ দেন তারেক। বিনিময়ে প্রচুর টাকা ও দলীয় পদ দেওয়ারও প্রলোভন দেখিয়েছেন তারেক রহমান। তাই তারেক রহমানের নির্দেশনা পালন করতে সব ধরনের গোলযোগ করার সিদ্ধান্ত নিয়েছে কথিত আন্দোলনকারীরা।
এদিকে আন্দোলনের নামে রাস্তা-ঘাট বন্ধ করে দিয়ে সরকারকে সমালোচনার মুখে ফেলে দেওয়ার জন্য এই ষড়যন্ত্রকে মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে আন্দোলনকারীরা। আন্দোলনের নামে রাস্তাঘাট, যান চলাচলে বাধা সৃষ্টি করে রাজধানীকে প্রায় অচল করে দেওয়ারও চেষ্টা করা হচ্ছে। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। এই ভোগান্তির বিষয়ে রাজধানীর সেন্ট্রাল রোডের আবুল মোনেম নামের বেসরকারি চাকরিজীবী বলেন, আন্দোলনের নামে রাস্তা-ঘাট বন্ধ করে দেওয়াটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করি তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আন্দোলন হবে নির্দিষ্ট এরিয়াতে। আন্দোলনের নাম ভোগান্তি করলে সাধারণ মানুষ আন্দোলনকারীদের সমর্থন দিবে না। শুনেছি বিষয়টি নিয়ে রাজনীতি করে দেশকে অচল করে দেওয়ার পরকিল্পনা করছে বিএনপি-জামায়াত। মানুষ এমনিতেই তাদের দেখতে পারে না। আর এগুলো করলে তারা আরও জনসমর্থন হারাবে। বিষয়টি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেওয়াই ভাল। উনি বিচক্ষণ মানুষ। এটার একটি সুন্দর সমাধান করবেন তিনি।
আন্দোলনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাজিব বলেন, কোটা আন্দোলন হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য। সেই আন্দোলন নিয়ে রাজনীতি করলে বিষয়টি গ্রহণযোগ্যতা হারাবে। তাছাড়া প্রধানমন্ত্রী তো কোটা বাতিলের জন্য তো নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপর আমাদের আস্থা রাখতে হবে। বিষয়টি নিয়ে তিনি নিজেও সদিচ্ছার কথা প্রকাশ করেছেন। আমলাতান্ত্রিক জটিলতার জন্য একটু দেরি হচ্ছে। ভাল জিনিসের জন্য একটু অপেক্ষা করাই যায়। এটা নিয়ে রাজনীতি করে আমার ভবিষ্যৎ নষ্ট করার অধিকার আন্দোলনকারীদের নেই। আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের নামে বিশৃঙ্খলায় শঙ্কিত। আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে তাদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।



















