শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মাহবুব ওরফে হিরোইন মাহবুব (৪০) কে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। ১৮ জুন সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব পৌর শহরের উত্তর বাজার মহল্লার মৃত টেবারু তালুকদারের ছেলে। মঙ্গলবার তাকে মাদক আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, মাহবুব দীর্ঘদিন যাবত হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল। বিভিন্ন সময়ে পুলিশ, র্যাব, ডিবি ও মাদক আধিদপ্তরের অভিযানে গ্রেফতারও হয়েছে সে। তার বিরুদ্ধে এখনও মাদক আইনে ১৪ টি মামলা রয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাজারের মহল্লায় তার নিজ বাসায় অভিযান চালানো হয়। ওইসময় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় এসআই শহীদুজ্জামান বাদী হয়ে মাহবুবসহ আরও অজ্ঞাত ৩ জনের নামে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।























