স্টাফ রিপোর্টার ॥ মোটর সাইকেল দুর্ঘটনায় আহত শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ (৪২) আর নেই। তিনি ১৮ জুন সোমবার দুপুরে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।
নিহতের মামা সাংবাদিক জি.এইচ হান্নান শ্রমিক নেতা হারুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১১ জুন শেরপুর থেকে মোটর সাইকেল চালিয়ে জামালপুর যাওয়ার পথে ব্রক্ষপুত্র সেতুর দক্ষিণ প্রান্তের বাইপাস সড়কে ট্রাকচাপায় গুরুতর আহত হয়েছিলেন পরিবহন শ্রমিক নেতা হারুন। তারপর থেকেই রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে সোমবার দুপুর ১২টার দিকে হারুন মারা যান।
তার মৃত্যুতে শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিউর রহমান মিতুল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওসমান মিয়া, শেরপুর জেলা ট্রাক-ট্যাংক লড়ি-কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ রেজা, সাধারণ সম্পাদক মজিবর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।























