শেরপুরে জমজমাট ঈদ বাজার ॥ শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড়

খবর টি পড়েছেন : ২০০
শেরপুরে জমজমাট ঈদ বাজার ॥ শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড়
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

জুবাইদুল ইসলাম, শেরপুর ॥ শেরপুরে ঈদ বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত সকল শ্রেণির মানুষ। ঈদ যত ঘনিয়ে আসছে ঈদের কেনাবেচাও তত জমে ওঠছে। তীব্র গরম উপেক্ষা করে জেলা শহরের সকল মার্কেট, বিপণী বিতানসহ ফুটপাতের দোকানগুলোয় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা। নারী ক্রেতাদের ভিড় বাড়ছে শাড়ি, কসমেটিকস ও জুতার দোকানগুলোতে। বিভিন্নধর্মী নকশা, চোখ ধাঁধানো রঙ আর মনকাড়া কারুকার্যের শাড়িগুলো নজর কাড়ছে নারীদের। বর্ষার শুরুতে ঈদ উদযাপনে গরম ও বৃষ্টির কথা মাথায় রেখে স্থানীয় দোকানিরা পসরা সাজিয়েছেন হালকা ও আরামদায়ক বিভিন্ন বৈচিত্র্যময় পোশাকের। আধুনিকতার সাথে মিল রেখে ঈদ উৎসব পালনে তরুণীরা বেছে নিচ্ছেন জর্জেট, শিফন, কাতান ও সিল্কের কাপড়। তবে ক্রেতা সাধারণের অভিযোগ গতবারের চেয়ে তুলনামূলকভাবে এবার দাম একটু বেশি। পোশাকের পাশাপাশি ভিড় বেড়েছে ইলেকট্রিক যন্ত্রপাতি বিক্রির শো-রুমগুলোতেও। অন্যদিকে ঈদবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে পুলিশ ও র‌্যাবের তৎপরতা।
সরেজমিনে শেরপুর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা শহীদ বুলবুল সড়ক, নিউমার্কেট, পৌর টাউন হলে অবস্থিত তৈরি পোশাকের দোকান এবং নয়আনী বাজার এলাকায় অবস্থিত কাপড় ও জুতার দোকানগুলো ঘুরে দেখা গেছে, বিপুলসংখ্যক ক্রেতা ঈদের কেনাকাটা করছেন। বিপুলসংখ্যক উৎসাহী শিশু, মহিলা, তরুণ-তরুণী ঈদ উপলক্ষে আসা নিত্য-নতুন ফ্যাশনের জামা ও শাড়ি কাপড় ক্রয় করছেন। বিশেষ করে বিপণীবিতানগুলো নারী ক্রেতাদের দখলে থাকছে। শহরের মানুষ এখন মার্কেটমুখী। সামর্থ্যরে মধ্যে পছন্দের জামা, কাপড়, শাড়ি, জুতা ও প্রসাধনী কিনে খুশিমনে বাড়ি ফিরছেন সবাই। এবারের ঈদ বাজারে মহিলা ক্রেতারা কিনছেন ভারতীয় সিল্ক, জর্জেট, ফ্লোর টাচ, টিস্যু শাড়ি, কাতান, জুট ও ঢাকাইয়া জামদানী, টাঙ্গাইলের তাঁতের ও সুতির নকশি শাড়ি। তরুণী ক্রেতারা কিনছেন ফুলকলি, পার্বতী, কিরণমালাসহ ভারতীয় হিন্দি-বাংলা সিরিয়ালের বাহারী সব নামের থ্রি-পিস। শিশু ক্রেতাদের আগ্রহ দেখা গেছে ফতোয়ার প্রতি। পুরুষ-শিশু ক্রেতারা কিনছেন জিন্সের প্যান্ট, শার্ট, টি-শার্ট ও পাজামা-পাঞ্জাবী।
নয়আনী বাজারের একটি অভিজাত বস্ত্র বিপণীতে কেনাকাটা করতে আসা নারী উদ্যোক্তা নার্গিস আক্তার মনখোশ বলেন, এবারের ঈদ বাজারে প্রায় সব দোকানেই পছন্দসই পোশাক পাওয়া যাচ্ছে। শহরের কয়েকটি অভিজাত বস্ত্র বিপণীর মালিকদের সাথে কথা বলে জানা যায়, এবারের ঈদের বেচাকেনা খুব ভালো। বর্তমানে ২ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা মূল্যে নিমজড়ি ও সুতা-চুমকির টিস্যু শাড়ি, ৩ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা মূল্যে সিল্ক ও জর্জেট শাড়ি, ৩ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা মূল্যে থ্রি-পিস ও ৫ থেকে ১৫ হাজার টাকায় লেহেঙ্গা বিক্রি হচ্ছে।
এদিকে এবার ঈদুল ফিতরে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ইলেকট্রনিক্স দোকানগুলো বিভিন্ন ছাড় দিয়েছে। ঈদের আগেই বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার কারণে টেলিভিশনের বিক্রি বেড়ে গেছে। এছাড়া প্রচুর ফ্রিজ, ওভেন ইত্যাদি বিক্রি হচ্ছে। কেউ কেউ আবার তাদের সন্তানের জন্য কম্পিউটার বা ল্যাপটপ কিনে দিচ্ছেন। বিভিন্ন কসমেটিকস দোকানে কসমেটিকস আইটেম যেমন চুড়ি, লিপস্টিক, নেইল পলিশ, স্নো, পাউডার, মেহেদী ইত্যাদির চাহিদা খুব বেশি। জুতার দোকানগুলোর বিক্রি তুঙ্গে। তবে শেষ মুহূর্তের কেনাকাটা হিসেবে মুদি সদাই, মসল্লা, কাঁচা বাজার, মুরগি, খাসির মাংস, গরুর মাংস, সেমাই, লাচ্ছা ইত্যাদি কেনাকাটা এখনও তেমন শুরু হয়নি। বিক্রেতারা জানালেন, এগুলো ঈদের ২/৩ দিন আগে থেকে বিক্রি শুরু হবে। শহরের মোড়ে মোড়ে বাহারি টুপির দোকানগুলো চোখে পড়ার মতো। এছাড়া ফেরি করে বিক্রি হচ্ছে শিশুদের চশমা ও অন্যান্য দ্রব্যাদি।
এদিকে শহরের যানজট নিয়ন্ত্রণে শহরে ব্যাটারিচালিত ইজিবাইক প্রবেশ বন্ধ করেছে প্রশাসন। এতে অনেকটা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে কেনাকাটা করছেন ক্রেতাসাধারণ।
শেষ মুহূর্তের ক্রেতাদের উপচেপড়া ভীড়ে ঈদবাজারের নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, এবারের ঈদের বাজারের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখ করার মত। সাধারণ মানুষ গভীর রাত পর্যন্ত নির্বিঘেœ কেনাকাটা করছেন। এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করতে জেলার সড়কগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম’র উপদেষ্টা সম্পাদকের ইফতার মাহফিল পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ১২ হাজার হতদরিদ্র পাচ্ছেন ভিজিএফ’র চাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads