জ্যোতির আলোয় শেরপুরকে জানবে বিশ্ব ॥ কোচ স্বপন

খবর টি পড়েছেন : ৩৩১
জ্যোতির আলোয় শেরপুরকে জানবে বিশ্ব ॥ কোচ স্বপন
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘মাঠের প্রথম ব্যক্তি যিনি প্রতিপক্ষ দলের জুটি ভাঙতে নিজের দলকে কণ্ঠ দিয়েই মাতিয়ে রাখেন। বাংলাদেশ দলের ১৮ বয়সী উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি বরাবরই আক্রমণের মূলে থাকে। একজন উইকেটরক্ষকের ঠিক এরকমই হতে হয়।’ আইসিসির ওই মন্তব্য উদ্বৃত করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলার বাঘিনী ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন যার মাধ্যমে জ্যোতির ক্রিকেটে পথচলা সেই গর্বিত কোচ মোখলেছুর রহমান স্বপন। সেইসাথে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, জ্যোতির আলোয় বাংলাদেশকে বিশ্ববাসী আরেক দফায় নতুন করে জানবে। আর সেই সুবাদে জ্যোতির নিজ জেলা শেরপুরকেও জানবে তারা। এশিয়া কাপ জয়ের পর জ্যোতির শেরপুরে আগমন উপলক্ষে ১৩ জুন বুধবার দুপুরে ওই আশাবাদ ব্যক্ত করেন কোচ স্বপন।
জ্যোতিকে নিয়ে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, আমরা প্রত্যাশা করি সামনের দিনে বর্তমানকে ছাড়িয়ে জ্যোতি’র আলো আরও উজ্জল হয়ে ছড়িয়ে পড়বে, একদিন হয়তো জয় করবে বিশ^কাপ। জয়তু জ্যোতি, জয়তু বাংলাদেশ। একই ধরনের আশাবাদ ব্যক্ত করেন শেরপুরের নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নাগরিক সংগঠক রাজিয়া সামাদ ডালিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ অনেকেই।
বাংলাদেশ জাতীয় প্রমীলা ক্রিকেট দলের নির্ভরযোগ্য সদস্য জ্যোতি শেরপুর শহরের ১ নং ওয়ার্ডের রাজবল্লভপুর মহল্লার সিরাজুল হক ও সালমা হক দম্পতির মেয়ে। বাল্যকালে মাত্র ৫ বছর বয়সে পাড়ার ছেলেদের বাড়ি সংলগ্ন ছোট্ট মাঠে ক্রিকেট খেলার সময় বল কুড়িয়ে আনার মধ্য দিয়ে ক্রিকেটের হাতেখড়ি নিগার সুলতানা জ্যোতির। তবে তার বল ছুড়ার ভঙ্গি এবং সাহসিকতা ছেলেদের দলে খেলার সুযোগ করে দেয়। বেড়ে ওঠার দিনগুলোতে ওই পাড়ার ছেলেদের দলে কখনও কারও অনুপস্থিতি হলেই জ্যোতি তার শূন্যস্থান পূরণে মাঠে নামতে থাকে। এভাবেই এগিয়ে তার ক্রিকেট জীবন। মা-বাবা, ভাইয়ের উৎসাহে একসময় সে ক্রিকেট অনুশীলনের জন্য মাত্র ১২ বছর বয়সে পা রাখে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে। ক্রিকেট কোচ মোখলেছুর রহমান স্বপন জ্যোতির মতো আরও কয়েকজন মেয়েকে নিয়ে শুরু করেন নারী ক্রিকেটের পথচলা। সেখানে জ্যোতি ছড়াতে থাকে নিজের ‘জ্যোতি’। নিবিড় অনুশীলন আর প্রশিক্ষণ তাকে ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। অনেক সময় ছেলেদের দলের সাথেও সে প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করতে থাকে। বিকশিত হতে থাকে তার ক্রিকেট প্রতিভা। সে শেরপুর জেলা নারী ক্রিকেট দল, বিভাগীয় ক্রিকেট দল থেকে শুরু করে নারী ক্রিকেট লীগে খেলার সুবাদে নজর কাড়ে নির্বাচকদের। ২০১২ সাল থেকে নিয়মিত নারী ক্রিকেট লীগে খেলার সুবাদে ২০১৫ সালে বাংলাদেশ জাতীয় প্রমীলা ক্রিকেট দলে ডাক পড়ে। তারপর আর পেছন ফেরে তাকাতে হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে। আজ জ্যোতি এক জীবন্ত ইতিহাস। বাংলাদেশের এশিয়া কাপ জয়ী প্রমিলা দলের অন্যতম সেরা পারফরমার।
নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর এই উইকেট রক্ষক-ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতির জন্ম ১৯৯৭ সালের ১ আগস্ট। জ্যোতি প্রথম শ্রেনীতে জে আর পাবলিক স্কুলে ভর্তি হয়। পরের বছর চলে যায় নবারুণ পাবলিক স্কুলে। ৬ষ্ঠ শ্রেণিতে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে এস.এস.সি পাশ করে। পরে শেরপুর সরকারি কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করে বর্তমানে রাজধানীর উত্তরা বিশ^বিদ্যালয়ে ইংরেজী বিষয়ে সম্মান প্রথম বর্ষে পড়ালেখা করছেন।
দলে তিনি মূলত: উইকেট-কিপারের দায়িত্ব পালন করে থাকেন। পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যান হিসেবেও দলে ভূমিকা রাখছেন। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে করাচীতে টি-২০ এবং একই দলের বিপক্ষে ৬ অক্টোবর ওয়ানডে অভিষেক ঘটে। অভিষেক ম্যাচেই তিনি নজর কাড়েন। ২০১৬ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চোখে সেরা ৫ উদীয়মান তারকার স্বীকৃতি পান এই বাংলাদেশি প্রমীলা ক্রিকেটার।
১০ জুন রবিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ফাইনাল খেলায় শক্তিশালী ভারতের বিপক্ষে জ্যোতি ২৪ বলে ২৭ রান করেন, যা ছিলো এদিন দলের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। তার অনবদ্য ইনিংসের ওপর ভর করেই কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে স্বগৌরবে উড়ল বাংলাদেশের পতাকা। আর এতেই এশিয়া কাপের ৬ বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশের মেয়েরা। ক্রিকেটের বৈশি^ক পর্যায়ে যেকোন পর্যায়ের দলের ক্ষেত্রে এ শিরোপা সবচেয়ে বড় অর্জনও বটে। আর স্বভাবতই শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতি’র এমন কৃতিত্বে গর্বিত শেরপুরবাসী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এশিয়া কাপজয়ী শেরপুরের ক্রিকেটার জ্যোতিকে নাগরিক সংবর্ধনা পরবর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম’র উপদেষ্টা সম্পাদকের ইফতার মাহফিল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads