স্টাফ রিপোটার ॥ শেরপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ১০ জুন রবিবার বিকেলে শহরের শেরীব্রিজ এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন দুলালের ছেলে জয় (২০) এবং একই এলাকার ইমদাদুল হকের ছেলে আতাব উদ্দিন আতা (২৩)।
জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে জয় ও আতা মোটর সাইকেলযোগে শেরপুর শহর থেকে বেতমারী-ঘুঘুরাকান্দি গ্রামের বাড়িতে যাচ্ছিল। ওই সময় শেরপুর-জামালপুর মহাসড়কের শেরীব্রিজ মোড়ে জামালপুর থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক আতা ও আরোহী জয় নিহত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ওই ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে এর চালক পলাতক রয়েছেন।























