শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ২২০
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মাদক অভিযানকে অর্থবহ করার পরামর্শ সাংবাদিকদের

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সাথে প্রেসক্লাব কর্মকর্তাসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন শুক্রবার সকালে পুলিশ সুপারের সভাকক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। মতবিনিময় সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার সর্বাত্মক প্রচেষ্টা থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ওইসময় তিনি বলেন, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে পুলিশের যুদ্ধ অব্যাহত থাকবে। সুন্দর সমাজ বিনির্মাণের স্বার্থেই এটি চালিয়ে যেতে হবে। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ অন্যান্য ক্ষেত্রে ধারাবাহিক কার্যক্রমেও গতিশীলতা নিয়ে আসার চেষ্টা থাকবে। সাধারণ মানুষ যেন প্রয়োজনে পুলিশকে কাছে পায়, কোন হয়রানীর শিকার না হয় সেদিকেও খেয়াল রাখা হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও সচেতন মহলের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতার বিকল্প নেই।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা নবাগত পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে সরকার যেহেতু যুদ্ধ ঘোষণা করেছে, সেহেতু শেরপুরে ওই অভিযানকে আরও অর্থবহ করে তুলতে হবে। প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা মাদক ব্যবসায়ী-সেবীসহ ওই পেশায় জড়িত নারীদেরকেও আইনের আওতায় আনতে হবে। জেলা পুলিশের নানা কৃতিত্ব তুলে ধরে তারা আরও বলেন, দায়িত্বশীলতার তাগিদে পুলিশের সেবা আরও বাড়াতে হবে। শহরের যানজট নিরসন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতি বখাটেদের দৌরাত্ম ও ক্রিকেট জুয়াসহ নানা অসামাজিক কার্যক্রম বন্ধে পুলিশকে আরও কর্মউদ্যোগী হতে হবে। ঈদে যাত্রী হয়রানীসহ জনযাতায়াত নির্বিঘœ করতে হবে। এজন্য গণমাধ্যম কর্মীদের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
ওইসময় অন্যান্যের বক্তব্য রাখেন জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ সাহা রায়, তালাত মাহমুদ, হাকিম বাবুল, দেবাশীষ ভট্টাচার্য, মাসুদ হাসান বাদল, আলমগীর হোসেন, জিএইচ হান্নান, মোহাম্মদ জুবায়ের রহমান, মনিরুল ইসলাম মনির, মহিউদ্দিন সোহেল, হাবিবুর রহমান হারুন, জাহাঙ্গীর তালুকদার, মোশারফ হোসেন, গোলাম রব্বানী টিটু, ইমরান হাসান রাব্বী প্রমুখ।
মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, ডিআইও-১ মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নওয়াজেশ আলী খান প্রমুখ। অন্যদিকে সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, নির্বাহী সদস্য শরিফুর রহমান ও এমএ হাকাম হীরাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঝিনাইদহের সম্ভ্রান্ত পরিবারের সন্তান কাজী আশরাফুল আজীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি শেষে ২৪তম বিসিএসে ২০০৫ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। এরপর সহকারী পুলিশ সুপার হিসেবে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গোপালগঞ্জ ও ঢাকায় দায়িত্ব পালন করে পুলিশ বিভাগে নিজের সু-সংহত অবস্থান তৈরি করেন। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ডিএমপিতে দায়িত্ব পালন করেন। এরপর ২৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে শেরপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই নিয়োগ পেয়ে তিনি ৭ জুন নতুন কর্মস্থলে যোগদান করেন এবং স্থানীয় সাংবাদিকদের সাথেই প্রথম মতবিনিময় সভায় মিলিত হন। অন্যদিকে পুলিশ সুপার পদে নবনিযুক্ত কাজী আশরাফুল আজীমের যোগদানের পরপরই ওই পদে থাকা পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি র‌্যাবের পরিচালক হিসেবে যোগদান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে সাংসদ শ্যামলীর ঈদবস্ত্র বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads