নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় স্টুডেন্টস কেবিনেটদের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল এক মাদ্রাসাছাত্রী। সে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, ২৫ মার্চ রবিবার সকালে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার স্টুডেন্টস কেবিনেট সদস্যরা জানতে পারে তাদের মাদ্রাসায় পড়–য়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উপজেলার লয়খা গ্রামের জনৈক আনন্দ নামের এক গার্মেন্টস কর্মীর সাথে বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে। খবর পেয়ে ওই মাদ্রাসার স্টুডেন্টস কেবিনেটের সদস্য রাজু আহম্মেদ, হৃদয় হাসান, জুনথিয়া আক্তার জবা, পলি আক্তার, শারমিন, মারজানা, বিপ্লব ও শান্ত মিয়া ওই মাদরাসার সুপার শহিদুল ইসলাম, সহ-সুপার আখতারুজ্জামান, শিক্ষক রোকেয়া আক্তার, মাহবুব হোসাইন রুপম, ফজলুল করিম, জামাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকদের নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয় তারা। এর আগে নকলা থানায় খবর দেয় স্টুডেন্টস কেবিনেটের সদস্যরা। খবর পেয়ে তাৎক্ষণিক এসআই চন্দন কুমার পালের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে হাজির হন। পরে বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদসহ স্থানীয়দের উপস্থিতিতে মেয়ে পক্ষের অভিভাবকদের ডেকে তাদেরকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝালে তারা পরিবারিক ভাবে ওই বিয়ে বন্ধ করে দেন।
উল্লেখ্য, স্টুডেন্টস কেবিনেটদের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধে এটি নকলা উপজেলার দ্বিতীয় ঘটনা। এর আগে কায়দা গ্রামে স্টুডেন্টস কেবিনেটের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছিল।























