ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ সম্মেলনে ডিআইজি নিবাস চন্দ্র মাঝি
স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেছেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ রেঞ্জের অপরাধ কমাতে ও নিয়ন্ত্রণ রাখতে পর্যায়ক্রমে প্রতিমাসে প্রত্যেক জেলায় মাসিক অপরাধ সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছরের জানুয়ারি মাসের প্রথম মাসিক সভা শেরপুর জেলা থেকে শুরু করা হলো। এতে পুলিশ বিভাগে স্বত:স্ফুর্ততা বৃদ্ধি হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি ২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শেরপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সম্মেলনে ওই কথা বলেন। ওই সম্মেলনে ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ওইসময় শেরপুরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রফিকুল হাসান গনি, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন, রেঞ্জ অফিসের পুলিশ সুপার হারুনুর রশিদসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাছাড়া অপরাধ নিয়ন্ত্রণ ও কমাতে বিশেষ ভুমিকা রাখায় জানুয়ারি মাসের কার্যক্রম বিবেচনায় রেঞ্জের সেরা পুলিশ কর্মকর্তা, কনস্টেবল ও চৌকিদারসহ ৭ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পুরস্কৃতরা হচ্ছেন রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসেবে ময়মনসিংহের ফুলপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাখের হোসেন সিদ্দিকী, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার শাকের আহমেদ, শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ (ডিবি) ময়মনসিংহের আশিকুর রহমান, শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার সরিষাবাড়ী থানার এসআই মতিউর রহমান, জামালপুর থানার এসআই মোঃ রফিকুল ইসলাম-৩, জামালপুর থানার এএসআই মোশফিকুর রহমান এবং শ্রেষ্ঠ চৌকিদার বকশিগঞ্জ থানার মোঃ মাজেদ মিয়া।
বার্ষিক বনভোজন ঃ একইদিন বিকেলে ঝিনাইগাতী গজনী অবকাশ কেন্দ্রে আনন্দঘন পরিবেশে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি প্রধান অতিথি ও রেঞ্জ পুনাকের সভাপতি প্রণীতা সরকার ও শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বনভোজন শেষে র্যাফেল ড্রসহ প্রীতি খেলাধূলা এবং পরে গজনী অবকাশ কেন্দ্রের মুক্তমঞ্চে আদিবাসী শিল্পীসহ আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
শেরপুরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রফিকুল হাসান গনির সভাপতিত্বে ওই অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।























