স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১ মার্চ জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট অথবা অনলাইনের মাধ্যমে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৪-৫ মার্চ মনোনয়নপত্র বাছাই এবং ১২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মু’তাসিম বিল্ল্যাহ ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার নকলা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে আগামী ২৫ মার্চ ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন ওই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারি সচিব (যুগ্মসচিব) মো. ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে তফসিলের পূর্ণাঙ্গ বিষয়টি উল্লেখ করে সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর নিজ বসতঘরে নকলা উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরীর (৬৫) লাশ উদ্ধার হলে তাঁর মৃত্যুজনিত কারণে ওই পদটি শূন্য হয়।




