শ্যামলবাংলা ডেস্ক ॥ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রাকৃতিক দূর্যোগ, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের ফলে বাংলাদেশ গত তিন দশকে জমির পরিমাণ ৯.৮ মিলিয়ন হেক্টর থেকে কমে ৮.২৭ মিলিয়ন হেক্টর হওয়া সত্যেও খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি হচ্ছে ব্যাপক হারে। ৭০-এর দশকে খাদ্যশস্য উৎপাদন ছিল প্রায় ১০ মিলিয়ন টন যা বেড়ে ২০১৬-১৭ অর্থ বছরে ৩৮.৬৮ মিলিয়ন টনে দাড়িয়েছে। বাংলাদেশ পরিবেশের ভারসাম্য রক্ষায় সবসময়ই সচেষ্ট এবং কৃষিসহ সব ক্ষেত্রে এবিষয়ে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। কৃষি বিপ্লবে বর্তমানে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। আশা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে ধানের ব্যবহার ৩৮.৬২ মিলিয়ন টন হবে (এসডিজি হিসাবে)। বাংলাদেশ এখন খাদ্যশস্য বিশেষ করে ধানে স্বয়ংসম্পূর্ণ। তিনি ১৭ জানুয়ারি বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম-২০১৮ এ বিল্ডিং রেসিলিন্স ইন এগ্রিকালচার এন্ড এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার হচ্ছে কৃষিবান্ধব সরকার। বাংলাদেশের বিজ্ঞানিরা তাদের মেধা ও সক্ষমতা দিয়ে ক্ষতিকারক পোকার প্রতিরোধক জিন সন্নিবেশ করে নতুন বেগুনের জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। বিজ্ঞানীরা পাটের জিনোম এবং পাটের কান্ড পঁচা রোগের জন্য দায়ী ছত্রাকের জিনোম সিকোয়েন্সে সক্ষম হয়েছে। পরিবেশের ভারসাম্যর কথা মাথায় রেখে কৃষিক্ষেত্রে সোলার এর মাধ্যমে পাম্প চালিয়ে জমিতে সেচ দেয়া, উপরের অংশের পানি ব্যবহারে অধিক উৎসাহিত করা হচ্ছে পাশাপাশি ভুগর্ভস্থ পানি ব্যবহারে অধিক সচেতন হওয়ার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন অবদুল্লাহ্। প্যানেল আলোচক ছিলেন সুইজারল্যান্ডের এম্বাসেডো রেনে হোলেস্টেইন, এফএও’র ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডেভিড ডোলান, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল্লা আল মহসিন চৌধুরী ও বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্টাডিজ (বিসিএএস)’র নির্বাহী পরিচালক ড. আতিক রহমান। মনোনীত আলোচক ছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট।



















