শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত আসছে বাজেটের সময় নেওয়া হবে। শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা, পড়ালেখার মান—সবকিছু বিবেচনায় নিয়ে নীতিমালার আলোকে এমপিওভুক্তি ও সরকারীকরণ করা হবে।বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এই কথা বলেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার পর প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
তরিকত ফেডারেশনের নজিবুল বাশার মাইজভান্ডারি সম্পূরক প্রশ্নে এমপিওভুক্তির বিষয়ে জানতে চান।
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা কোন কোন স্কুল এমপিওভুক্ত, কোন কোন স্কুল সরকারীকরণ সেটা একটা নীতিমালার ভিত্তিতে করছি। আমরা যখন বলেছি, নিশ্চয়ই সবকিছু বিবেচনা করে, একটা তালিকা করে এগুলোর অবস্থান দেখে পরবর্তী বাজেট যখন আসবে, তখন সিদ্ধান্ত নেব।’
প্রধানমন্ত্রী বলেন, অনেকে দাবি নিয়ে আসছেন। তাদের আশ্বস্ত করা হচ্ছে। তবে এটা করতে বাজেটে কত টাকা আছে, তা দেখতে হবে। কোন স্কুল এটা পাওয়ার যোগ্য, ছাত্রছাত্রীর সংখ্যা কত, দেখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষার মান, শিক্ষকদের মান—এগুলো বিবেচনায় নিয়ে নীতিমালার ভিত্তিতে সরকারীকরণ বা এমপিওভুক্তি করা হচ্ছে।





















