শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আগামী ২৩ ডিসেম্বর শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) অনুষ্ঠিত হবে। ওই কর্মসূচির আওতায় উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ২৭৪ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ৪৯৭ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১ হাজার ৪১৫ টি টিকাদান কেন্দ্রের ২ হাজার ৮৩০ জন সেচ্ছাসেবকের সহায়তায় ওই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ২০ ডিসেম্বর বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে ওইসব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আনিছুর রহমান।
মতবিনিময় সভায় জানানো হয়, ২৩ ডিসেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুরোধকরন এবং ভিটামিন এ’র অভাবজনিত রাতকানা রোগের প্রার্দুভাব ১ শতাংশের নিচে নামিয়ে আনার প্রচেষ্টা সরকার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করেছে। ইতোমধ্যেই দেশে রাতকানা রোগ, অপুষ্টিজনিত শিশু মৃত্যুর হার অনেক কমে এসেছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ল্যাবরেটরীতে পরীক্ষিত। এটা শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। ভিটামিন ‘এ’ নিয়ে প্রচারিত গুজবে কান না দেয়ারও আহ্বান জানানো হয় এবং সেই সাথে সকল অভিবাবককে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর জন্য উক্ত বয়সী সব শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য থেকে অনুরোধ জানানো হয়।
মতবিনিময় সভায় আরএমও ডাঃ আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, ডাঃ মির্জা মোঃ মাশরুব, মোজাম্মেল হকসহ উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
























