স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে একই প্রতিষ্ঠানের ৯ ভূয়া প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার্থীকে আটক করেছে স্থানীয় প্রশাসন। ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিনের উপস্থিতিতে থানা পুলিশ শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার চরশেরপুর বালুঘাট মডেল স্কুলের শিক্ষার্থী আপন, লিপি, স্বপন-১, স্বপন-২, সবুজ, সজীব, ফজলুল হক, রাজীব ও সাব্বির। তারা ওই স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী হয়েও শ্রীবরদীর বিভিন্ন স্কুলের নাম ব্যবহার করে পরীক্ষায় অংশ নিচ্ছিল। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে দেওয়া হলে বিকেলে তিনি ওই ভূয়া পরীক্ষার্থীদের বহিস্কার দেখিয়ে প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে অভিভাবকদের হেফাজতে ছেড়ে দেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, শেরপুর সদর উপজেলার চরশেরপুর বালুঘাট মডেল স্কুলের অধ্যক্ষ ও স্বত্ত্বাধিকারী রেজাউল করিম সাদা অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পরীক্ষার ফলাফল ভাল করে দেয়ার প্রতিশ্রুতি দেন এবং ওইসব শিক্ষার্থীর জায়গায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের দিয়ে প্রক্সি দেওয়ায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন বলেন, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনের আওতায় ওই ভূয়া পরীক্ষার্থীদের বহিস্কার করা হয়েছে। সেই সাথে প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে অভিভাবকদের হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে।
























