স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে খাল-বিল, নদী-নালা, উন্মুক্ত জলাশয় সংস্কার, সংরক্ষণ ও অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে পথসভা হয়েছে। ২১ নভেম্বর মঙ্গলবার দুপুরে নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আয়োজনে শহরের বটতলা মোড় ও কালেক্টরেট প্রধান ফটকের সামনে ওই পথসভা অনুষ্ঠিত হয়। পরে একই দাবিতে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিষয়গুলো খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
পথসভায় জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে চেম্বার সহ-সভাপতি পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন, জেলা মহিলা পরিষদ সাংগঠনিক সম্পাদক আইরীন পারভীন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক সোলাইমান আহমেদ, রজিবা সভাপতি সোহেলা রানা, আদিবাসী নেতা সুমন্ত বর্মন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, জেলার বেশীর ভাগ খাল-বিল, নদী-নালা, ও উন্মুক্ত জলাশয় অবৈধ দখলদারদের হাতে চলে গেছে। দখলদারদের দ্রুত উচ্ছেদ করে খাল-বিল, নদী-নালা, ও উন্মুক্ত জলাশয়গুলো সংস্কার ও সংরক্ষণ করে পরিবেশের মারাত্বক বিপর্যয়ের হাত থেকে জেলাবাসীকে রক্ষার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, শেরপুর জেলায় কাগজে-কলমে ২০টি খাল ও ৫৬টি বিলের উল্লেখ থাকলেও অধিকাংশ খাল-বিল আজ অস্তিত্বহীন। ভূয়া কাজগপত্র তৈরী করে অথবা অবৈধ স্থাপনা নির্মাণ করে সরকারি খাস জমি দখল করা হয়েছে। জেলার প্রাকৃতিক জলাশয়গুলো দখল হয়ে যাচ্ছে। ফলে প্রাণের স্বাভাবিক গতি বাঁধাপ্রাপ্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে। নেমে আসছে নানা প্রাকতিক দুর্যোগ, পাল্টে যাচ্ছে ফসলের মৌসুম। এতে কৃষিনির্ভর শেরপুর জেলার কৃষি অর্থনীতির ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এসব বিল ও এর আশপাশের অধিকাংশ জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে খাল-বিল, নদী-নালা উন্মুক্ত জলাশয়গুলো সংস্কার, সংরক্ষণ ও অবৈধ দখলদার উচ্ছেদ জরুরী হয়ে পড়েছে।
জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, নদী-খাল-বিল অন্যান্য প্রাকৃতিক জলাশয়ের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্থ করে মৎস্য চাষ কিংবা স্থাপনা নির্মাণে সরকার প্রধানের কড়া হুশিয়ারি থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। শেরপুর জেলায় পরিবেশ আইন, কৃষি জমি সুরক্ষায় খাস জমি বন্টন নীতিমালা উপেক্ষা করে স্থানীয় একশ্রেণির প্রভাবশালী ব্যক্তিবর্গ সরকারি খাস জমি হিসেবে চিহ্নিত অনেক খাল-বিল-নদী ভরাট করে বিভিন্ন স্থাপনা করে যাচ্ছেন। সকলের চোখের সামনে এ ধরনের অপকর্ম চললেও কেউই যেন কোন গাঁ করছেন না। সবাই যেন এসব দেখেও না দেখার ভান করছেন। আইন এদের কাছে অসহায় বলেই মনে হয়।
প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, শেরপুর জেলার কৃষিনির্ভর অর্থনীতি সচল রাখা ও পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে এসব খাল-বিল, নদী-নালা উন্মুক্ত জলাশয়গুলো দখলদারদের হাত থেকে উদ্ধার করতে হবে। সরকারি সম্পত্তি উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে একসময় হয়তো এসব প্রাকৃতিক খাল-বিল-নদীর কোন অস্তিত্ব আর টিকে থাকবে না।
পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ হায়দার আলী বলেন, জেলা এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সরকারি খাল-বিল, জলাশয় রক্ষা এবং অবৈধ দখলদার উচ্ছেদের বিষয়ে বারবার বলে আসছি কিন্তু কোন কাজে আসছে না। নব্য ধনী, কোটিপতি, রাজনৈতিক প্রভাবশালী, ক্ষমতাধর ব্যক্তিরা ভুয়া কাগজপত্র তৈরী করে এসব খাল-বিল, জলাশয় দখলে নিয়েছে। যার কারণে এখন কেউটা বিলের আমন ধান পানিতে নিমজ্জিত, বোরোর বীজতলা করা যাচ্ছে না। কৃষকরা তাদের ফসল নিয়ে শংকিত।
জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, খাল-বিল, সরকারি সম্পত্তি দখলদাররা এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে প্রশাসনও কোন কথা বলে না। সরকারি সম্পত্তি দেখভালে দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারিরা সবকছিু দেখেও না দেখার ভান করে থাকেন। দখলবাজদের তালিকায় রাজনীতিক, ব্যবসায়ী, ক্ষমতাহীন দলের নেতা, বিরোধী দলের নেতা সবাই রয়েছেন। প্রশাসনের লোকেরাও দখলদারদের নিকট থেকে টু-পাইস কামিয়ে নিচ্ছেন। যে কারণে সবাই মিলে হালুয়া-রুটির ভাগ নিচ্ছেন। কিন্তু ক্ষতি হচ্ছে পরিবেশের, ভুক্তভোগী হচ্ছেন সাধারন মানুষ।
পথসভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারীনেত্রী, মানবাধিকার কর্মী, রাজনীতিক ও ভুক্তভোগী লোকজন অংশগ্রহণ করেন।























