শ্রীবরদী সংবাদদাতা ॥ শেরপুরের শ্রীবরবদীতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালিত হয়েছে। একইসঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২০ নভেম্বর সোমবার বিকেলে শ্রীবরদী উত্তর বাজারে উপজেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বলেন, এ দেশের মানুষ তারেক রহমানের অপেক্ষায় রয়েছে। ষড়যন্ত্র করে তার দেশে আসা ঠেকানো যাবে না। তিনি ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে ছাত্রদলকে সংগঠিত করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার নির্দেশ প্রদান করেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি রেজুয়ান উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম দুলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, ছাত্রদলের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, যুবদলের সাধারণ সম্পাদক এসএম সোহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইখলাসুর রহমান লিটন।
আলোচনা সভা শেষে তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এর আগে সদর বাজারের চৌরাস্তা থেকে একটি মিছিল উত্তর বাজার সাবেক পৌর মেয়র হাকিমের বাড়িতে গিয়ে শেষ হয়।























