শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো -এর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (আইসিসিবি) ৩ দিনব্যাপী ওই প্রদর্শনীর উদ্বোধন করেন।
শেখ হাসিনা বলেন, ‘চামড়া শিল্পের বিকাশে সাভারে পরিবেশসম্মত চামড়া শিল্প নগরী গড়ে তুলেছি। আমাদের আরো পরিকল্পনা আছে। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে নতুন দুটি চামড়া শিল্প অঞ্চল গড়ে তুলব।, এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের চামড়া খাতে বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতাদের আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান।
চামড়া খাতে আরো বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশিষ্ট উদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহি ও এলএফএমইএবির সভাপতি মো. সাইফুল ইসলাম এতে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিমের পূর্বে ধারণকৃত বক্তব্য শোনানো হয়।
প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণভবনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। আইসিসিবির অনুষ্ঠানে কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস



















