মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বাল্যবিয়ে ও মাদকবিরোধী সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বুধবার দুপুরে ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মিলনায়তনে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার। ওইসময় তিনি বলেন, চলতি বছরেই নকলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। তাই কোন বাল্যবিবাহ বরদাস্ত করা হবেনা। এজন্য উপজেলা প্রশাসন সদা তৎপর রয়েছে। তিনি আরো বলেন, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের মহতী উদ্যোগকে সফল করতে হলে সকলকে সচেতন হতে হবে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ ও নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী। ওই সচেতনতা সভায় কলেজ পরিচালনা পরিষদের সদস্য এসএম আরিফুল ইসলাম ও সিরাজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, মোয়াজ্জেম, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।























