ads

মঙ্গলবার , ৩ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশের প্রেস ব্রিফিং ॥ ‘বিশ্বদেবের মৃত্যু নির্যাতনে নয়, স্বাভাবিক’

খবর টি পড়েছেন : ১৭৯
শেরপুরে পুলিশের প্রেস ব্রিফিং ॥ ‘বিশ্বদেবের মৃত্যু নির্যাতনে নয়, স্বাভাবিক’
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

♦একদিনেই পাল্টে গেছে দৃশ্যপট

স্টাফ রিপোর্টার ॥ পুলিশী নির্যাতনে বিশ্বজিৎ চন্দ্র দে ওরফে বিশ্বদেব (২২) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী শহর উত্তাল হওয়ার একদিন পরই পাল্টে গেছে সার্বিক দৃশ্যপট। ঘটনার পর বিশ্বদেবের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ওই অভিযোগ তুলে লাশ নিয়ে নালিতাবাড়ী শহরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও স্থানীয় এএসপি (সার্কেল) এর কার্যালয় ভাংচুরের মত ঘটনায় জড়ালেও একদিনের মাথায় তাদের প্রায় সবাই চুপসে গেছেন। যে কারণে এখন থানায় কোন অভিযোগ দায়েরের কথাও ভাবছেন না তারা।
অন্যদিকে ওই ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি। পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে তিনি পুলিশী নির্যাতনে বিশ্বদেবের মৃত্যুর কথিত অভিযোগ অস্বীকার করেন। ওইসময় নালিতাবাড়ী থানায় ব্যবহৃত সিসিটিভির ভিডিও ফুটেজে দেখানো হয় রবিবার রাতে বিশ্বদেবকে স্বাভাবিক অবস্থায় থানা হাজতে ঢুকানো, ওই জায়গায় অবস্থান করা ও ছেড়ে দেওয়ার দৃশ্য। এছাড়া নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও’র উপস্থিতিতে করা সুরতহাল রিপোর্টেও বিশ্বদেবের শরীরে কোন জখম না পাওয়ার কাগজপত্র প্রদর্শন করা হয়। সেই সাথে ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসকদের উদ্বৃতি দিয়ে প্রেস ব্রিফিংয়ে দাবি করা হয়, তার শরীরে আঘাতের কোন নমুনা না পাওয়ায় মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা যায়নি। ভিসেরা রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। তবে আঘাতের কারণে যে তার মৃত্যু হয়নি সেটা পরিস্কার বলা যাচ্ছে।
আলোচিত ঘটনা হওয়ার পরও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি বা কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেন বিশ্বদেবের ময়নাতদন্ত করা হয়নি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আমাদের সুপারিশেই সিভিল সার্জন মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে বিশ্বদেবের ময়নাতদন্তের ব্যবস্থা করেছেন। তবে ওইসময় কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা সম্পন্ন করার দায়িত্বটা আমাদের ছিল না। বিষয়টি একান্তই চিকিৎসকদের। তবে জেলা প্রশাসন মনে করলে সেটা করতে পারতেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বদেবকে গাঁজাসহ পাওয়ার পরও পূজার উৎসব-পার্বণ চলমান থাকায় মানবিক কারণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে অভিযুক্ত এএসআই সুমনের কোন অবহেলা বা দোষ দেখা যাচ্ছে না। তাই তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি দাবি করেন, কিছু লোক অসৎ উদ্দেশ্যে মৃতের আত্মীয়-স্বজনকে ভুল বুঝিয়ে একটি ভ্যানগাড়িতে করে তার মৃতদেহ নিয়ে মিছিল, মাইকে অপপ্রচার ও গুজব রটিয়ে মানুষকে উত্তেজিত করে এবং স্থানীয় হাবিব প্লাজার মার্কেট ও এএসপির অফিস ঢিল ছুড়ে ভাংচুর করে। তদুপরি সার্বিক বিষয়ে তদন্তপূর্বক আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভাংচুরের ঘটনায় যারা জড়িত সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রেস ব্রিফিংকালে পুলিশের অন্যান্য কর্মকর্তার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ডিআইও-১ মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান উপস্থিত ছিলেন। ওইসময় শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বিকেলে সরেজমিনে গেলে নালিতাবাড়ী শহরের উত্তরবাজার এলাকার যে চায়ের দোকানের সামনে থেকে বিশ্বদেবকে আটক করে এএসআই সুমন মারপিট করে বলে অভিযোগ উঠেছিল, সেই দোকানসহ আশেপাশের বেশ কয়েকজনকে উপস্থিত পাওয়া যায়। ওইসময় চায়ের দোকান মালিক রহুলসহ তারা দূর থেকে ফিসফাস করলেও কোন মুখ খুলেননি। আর কাচারিপাড়া এলাকায় বিশ্বদেবের বাড়িতে খোঁজ নিয়ে দেখা যায়, সুনসান নীরবতা। বিশ্বদেবের মা জবা রাণী দে (৫০) পুত্রশোকে মূহ্যমান। এদিন তার কোন অভিযোগই শোনা যায়নি। বড়ভাই নিত্যানন্দ দে জানান, ছোটভাই বিশ্বদেবকে সোমবার রাতে স্থানীয় গড়কান্দা পৌর শ্মশানে দাহ করা হয়েছে। আগেরদিন লোকজনের কাছ থেকে শুনে অভিযোগ করলেও এখন শুনছি ময়নাতদন্তে বিশ্বদেবের শরীরে কোন আঘাতই পাওয়া যায়নি। তাই আর অভিযোগ বা মামলা দিয়ে কি হবে? সেরকম কিছু হয়ে থাকলে সেটা ভগবানই দেখবেন। গরিব মানুষ, বিধবা মা ছাড়া কেউ বাড়িতে থাকি না। তাই অতসব ভাবার সুযোগই বা কোথায়? একই ধরনের মত প্রকাশ করেন বিশ্বদেবের ভগ্নিপতি বিপুল চন্দ্র সূত্রধর ও আত্মীয় রিমন কর্মকার। আর স্থানীয় পৌর কাউন্সিলর নূপুর অধিকারী বলেন, গুঞ্জন যাই ছড়াক না কেন, থানার সিসিটিভির ভিডিও ফুটেজ দেখেই বুঝতে পেরেছি বিশ্বদেবকে থানা লকাপে ঢুকানো ও ছেড়ে দেওয়ার সময় সে স্বাভাবিক ও সুস্থ ছিল। এছাড়া ময়নাতদন্ত রিপোর্টেও নাকি তার শরীরে কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি। তাই বিষয়টি নিয়ে এখন আর অন্য কিছু ভাবার কারণ নেই।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় মাদকবিরোধী অভিযানকালে স্থানীয় তারাগঞ্জ উত্তর বাজার এলাকা থেকে নালিতাবাড়ী থানার এএসআই সুমনের হাতে আটক হয় কাচারিপাড়া মহল্লার মৃত বিধান দে’র ছেলে বিশ্বদেব। পরে রাত ১০টার দিকে স্থানীয়দের সুপারিশে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বদেব অসুস্থ হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন সোমবার সকাল থেকে পুলিশী নির্যাতনে বিশ্বদেবের মৃত্যুর অভিযোগ তুলে নালিতাবাড়ী শহরে তার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে আত্মীয়-স্বজনসহ স্থানীয় বিক্ষুব্ধ জনতা। ওইসময় তারা শহরের তারাগঞ্জ উত্তর বাজারস্থ শহীদ মিনার ৩ রাস্তার মোড়ে একাধিক স্থানে টায়ার জ্বালায়। এছাড়া তারা কিছু দোকানপাটসহ নালিতাবাড়ী সার্কেলের দায়িত্বে থাকা এএসপির কার্যালয় ভাংচুর করে। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে ময়নাতদন্তের জন্য লাশ দিয়ে দেয়া হয়। ওইদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও আরএমও’র উপস্থিতিতে পুলিশ বিশ্বদেবের সুরতহাল রিপোর্ট তৈরি করলেও জেলা ম্যাজিস্ট্রেটের কোন প্রতিনিধি ছাড়াই ময়নাতদন্ত সম্পন্ন করে ৩ সদস্যের মেডিকেল বোর্ড।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে শেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরবর্তী সংবাদ গোফওয়ালা উমেদ ॥ ২৬ বছর ধরে যার শখের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads