নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে অভাবের তাড়না সইতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আজিদা বেগম (৪০) নামে এক গৃহবধূ। ১ অক্টোবর রবিবার বিকেলে উপজেলার কালাকুমা গুচ্ছ গ্রামে ওই ঘটনা ঘটে। সে স্থানীয় আমছর আলীর স্ত্রী ও ৫ সন্তানের জননী।
জানা যায়, রবিবার বিকেলে কালাকুমা গুচ্ছ গ্রামের বাসিন্দা আমছর আলীর স্ত্রী ৫ সন্তানের জননী আজিদা বেগম নিজের ঘরে আড়ার (ধন্নার) সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ওইসময় বাড়িতে থাকা তার ছেলে আল-আমিন টের পেয়ে ঝুলন্ত মায়ের দেহ উদ্ধারের চেষ্টা করলেও এর আগেই প্রাণ হারান ওই গৃহবধু।
পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে নিত্য অভাবের সংসারে আজিদার টাইফয়েড রোগ দেখা দেয়। এমতাবস্থায় একদিকে পেটের ক্ষুধা অন্যদিকে চিকিৎসা ব্যয় এ দুই মিলে তিনি হাঁপিয়ে পড়েন। ফলে আত্মহত্যার পথ বেছেন নেন বলে ধারণা করা হচ্ছে।
নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।
























