স্টাফ রিপোর্টার ॥ দেশে দীর্ঘদিন যাবত মোট জন্মহার (টিএফআর) ২.৩% স্থিতাবস্থায় থাকলেও পরিবার-পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণের হার দিন দিন বাড়ছে। জাতীয়ভাবে বর্তমানে স্থায়ী ও অস্থায়ী মিলে পদ্ধতি গ্রহণের হার ৬২.৩%। তবে শেরপুর জেলায় বর্তমানে এ হার ৭৯.৩%। যে কারণে জেলার জনসংখ্যা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জেলা পরিবার-পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে।
এদিকে জেলায় জনসংখ্যা নিয়ন্ত্রণে ভুমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ২ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হচ্ছে। আগামীকাল ১১ জুলাই মঙ্গলবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবার-পরিকল্পনা বিভাগ আয়োজিত র্যালি ও আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। হুইপ আতিউর রহমান আতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে।
যারা পুরস্কার পাচ্ছেন তারা হলেন শেরপুর পৌর এলাকার পূর্ব ব্লকের সৈয়দা তাসলিমা আক্তার ‘শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি’, সদর উপজেলার কামারেরচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের রোখসানা আক্তার ‘শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক’। এছাড়া ‘শ্রেষ্ঠ উপজেলা’-নালিতাবাড়ী, ‘শ্রেষ্ঠ সেবাকেন্দ্রে’-সদরের কামারেরচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ‘শ্রেষ্ঠ ইউনিয়ন’-নালিতাবাড়ীর কাকরকান্দি ইউপি, ‘শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংস্থা (ক্লিনিক)’-সদেরর মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ‘শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান (সিপিডি)’-নালিতাবাড়ী অস্থায়ী সেবা কেন্দ্র।
শেরপুর জেলা পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, জেলায় গত এক বছরে (জুলাই/১৬-জুন/১৭) পরিবার-পরিকল্পনার স্থায়ী পদ্ধতির (ভাসেকটোমি, টিউবেকটমি, লাইগেশন) লক্ষ্যমাত্রা ২ হাজার ৯১৬ নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ১ হাজার ৬। বাস্তবায়নের হার ৩৪.৪৯%। একই সময়ে আইইউডি বা দীর্ঘমেয়াদী পদ্ধতির লক্ষ্যমাত্রা ২ হাজার ৭৬০ নির্ধারণ করা হয়েছিলো। অর্জিত হয়েছে এক হাজার ৭৬৭। বাস্তাবয়নের হার ৬৪.০২%। এছাড়া ইমপ্ল্যান্ট গ্রহনের লক্ষ্যমাত্রা ৫ হাজার ৪৯৬ এর স্থলে অর্জিত হয়েছে ৪ হাজার ৯৭৪। যার বাস্তবায়নের হার ৯০.৫০%।
শেরপুর জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. পীযুষ চন্দ্র সূত্রধর বলেন, জেলায় পরিবার-পরিকল্পনা অস্থায়ী পদ্ধতি গ্রহণের হার সন্তোষজনক হলেও স্থায়ী পদ্ধতির ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তার মতে, বাল্যবিবাহ, বহুবিবাহ, ধর্মীয় কুসংস্কার, বিবাহ-বিচ্ছেদ এবং ছেলে সন্তান নেওয়ার আকাঙ্খা জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় বাঁধা। এসব মোকাবেলা করেই পরিবার-পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। তিনি জানান, জেলার ৫ উপজেলার মধ্যে শেরপুর সদর উপজেলায় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার সবচাইতে ভালো। কিন্তু সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলা এক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। যে কারণে জেলার সার্বিক অগ্রগতির হার কমে যাচ্ছে। এজন্য শ্রীবরদী উপজেলায় সচেতনতামুলক কার্যক্রম জোরদারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
























