স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। ৮ জুলাই শনিবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনালে আয়োজিত সাধারণ সভায় নির্বাচনের ওই তারিখ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা হুমায়ুন কবীর রুমান। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বাস কোচ মালিক সমিতির সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাসান, যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব ও বাস মালিক মধূসুদন গুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মস্তু।
সভায় সাধারণ শ্রমিকরা তাদের মৃত্যুকালীন ভাতা ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার, বিয়ে ভাতা ৬ হাজার থেকে ১০ হাজার ও শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানালে উপস্থিত সকলে তাদের দাবির সাথে একমত পোষন করেন। পরে আলোচনার ভিত্তিতে আগামী ২৯ জুলাই জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের দিন ধার্য করা হয়। সভায় ৫ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে।
























