স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ৬ বছর শিকলবন্দী থাকার পর সদ্য মুক্ত হওয়া সেই শিশু ঝন্টু এবার ঘুরে গেল শেরপুর শহর। ৮ জুলাই শনিবার বিকেল ৩টার দিকে মা জোসনা খাতুন ও স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলমের সাথে বেড়াতে আসে জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার নাগপাড়াস্থ আনন্দধামে। তার বেড়ানো আসার সংবাদে ওই বাসায় ছুটে যান কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পাল ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ অনেকেই।
মুক্ত ও সাবলীল ঝন্টুকে দেখে অভিভূত হয়ে পড়েন রাজিয়া সামাদ ডালিয়াসহ অন্যরা। কদিন আগেও শিকলবন্দি অবস্থায় যে ঝন্টুর শরীর ছিল নিস্তেজ, তার মুখে ছিল না হাসি- সেই ঝন্টুর শরীরে এখন সতেজ ভাব আর চোখে মুখে হাসির প্রতিচ্ছবি। দু’পায়ে ছিল দু’তালায় আবদ্ধ যে শিকল, পরনে প্যান্ট থাকলেও গায়ে ছিল না জামা- সেই ঝন্টুর পায়ে এখন স্যান্ডেল, পরনে প্যান্ট ও গায়ে জামা দেখে ভালোই দেখাচ্ছিল। সুস্থ সবল কিশোরের মত। তবে গায়ের জামাটা চাচাত ভাইয়ের কাছ থেকে ধার করা বলে রাজিয়া সামাদ ডালিয়া সিদ্ধান্ত নেন তার জামা কাপড় দিতে। যেই সিদ্ধান্ত, সেই কাজ। বাসায় হালকা কিছু খাওয়ানোর পরই ঝন্টু ও তার মাকে নিয়ে বের হন মার্কেটে। শহরটা এক পলক দেখানোর পর ঝন্টুকে কিনে দেন নতুন জামা-কাপড়। সেইসাথে ঝন্টুর মার ভাগ্যেও জুটে একটি শাড়ি। এরপর ফের বাসায় ফেরা। বাসায় অতিথির মত আপ্যায়নের পর যাতায়াত খরচসহ বাড়িতে পাঠানো হয় ঝন্টুকে।
উল্লেখ্য, ২ বছর বয়সে বাবা আব্দুস সামাদ মেম্বার মারা গেলে শিশু ঝন্টুকে নিয়ে তার মা জোসনা খাতুনের সংসারে নেমে আসে চরম দারিদ্র্য ও ক্ষুধা। ওইসময় অভাবে তাড়নায় জোসনা খাতুনকে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে যেতে হতো। ঝন্টুর বয়স সাড়ে ৬ বছরে গড়ালে বেড়ে যায় তার চঞ্চলতা। আর তখন খাবারের আশায় প্রায়ই ঝন্টু পথচারীদের পিছু নিয়ে মাঝে-মধ্যেই এদিক-সেদিক চলে যেতো। ফলে ঝিয়ের কাজ সেরে রাত অবধি খুঁজে ফিরতে হতো ঝন্টুকে। ওই অবস্থায় কিছুটা মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে ঝন্টু। বিড়ম্বনা আর পরিস্থিতি সামাল দিতে ৬ বছর আগে সন্তান ঝন্টুর পায়ে শিকল পরিয়ে দেয় হতভাগ্য মা। ওই অবস্থা চলতে চলতে ঝন্টুর বয়স গড়ায় সাড়ে ১২ বছরে। ততক্ষণে তার মানসিক প্রতিবন্ধিতা বেড়ে যায়। সেইসাথে ওই দীর্ঘ সময় ধরে শিকলে বাধার কারণে ঝন্টুর দু’পায়ের গোড়ালিতে দগদগে ঘা হয়ে যায়। এরপরও তা কারও হৃদয়কেই গলাতে পারেনি। ওই বিষয়ে মঙ্গলবার শ্যামলবাংলা২৪ডটকম-এ একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা দৃষ্টি আকর্ষণ করে মানবাধিকার কমিশনসহ হৃদয়বান অনেকেরই। ৫ জুলাই বুধবার বিকেলে জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া ও সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পালের নেতৃত্বে একটি টিম উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর গ্রামে গিয়ে শিশু ঝন্টুর পাশে দাঁড়ায় এবং দীর্ঘ ৬ বছর পূর্বে শিশু ঝন্টুর দু’পায়ে পরানো শিকল খুলে দিয়ে তাকে মুক্ত করে।
























