স্টাফ রিপোর্টার ॥ গারো পাহাড় ঘেরা শেরপুর জেলাকে বিশ^ দরবারে তুলে ধরতে বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করেছেন ইমরান হাসান রাব্বী নামে এক উদ্যমী কলেজ শিক্ষার্থী। ‘আমাদের শেরপুর’ নামে ওই মোবাইল অ্যাপটির নির্মাতা রাব্বী শেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র। ১৪ জুন বুধবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা ব্র্যান্ডিং বিষয়ক এক কর্মশালায় অ্যাপটির প্রথম ভার্সন প্রাথমিকভাবে উন্মুক্ত করা হয়। ওইসময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনসহ ব্র্যান্ডিং কমিটির অন্যান্যদের সামনে অ্যাপটি ব্যবহারের সকল সুবিধাদি বর্ণনা করেন ওই শিক্ষার্থী। ওইসময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে শেরপুর জেলাকে সবার কাছে পরিচিত করানোর জন্য জেলার তথ্য সমৃদ্ধ এ মোবাইল অ্যাপটি বিশেষ ভূমিকা রাখবে। বিশ্বের যে কোন প্রান্তে বসবাসকারী বাংলাদেশীরা এ অ্যাপটির মাধ্যমে পর্যটন এলাকা শেরপুরকে জানতে পারবেন। তিনি আরও বলেন, আইটি প্রতিষ্ঠান বিডিআইটিজোনের কারিগরি সহযোগিতায় নির্মিত এ অ্যাপটিতে জেলার ইতিহাস ঐতিহ্য, পটভূমিসহ জেলার ৫টি উপজেলার সাধারণ তথ্যাবলী, যোগাযোগ ও জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় ফোন নম্বর সংযুক্ত করা হয়েছে।
রাব্বীর মোবাইল অ্যাপ প্রাথমিক উন্মুক্তকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শরীফ হোসেন, সহকারী পুলিশ সুপার বাদল চন্দ্র মজুমদার, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, যুব উন্নয়নের উপ-পরিচালক হারুনুর রশিদ, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবুল খায়ের, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা কালচারাল অফিসার তমাল বোস, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ জেলা ব্র্যান্ডিং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কলেজশিক্ষার্থী রাব্বীর বাড়ি জেলার ঝিনাইগাতী উপজেলায়। বাবা ব্যবসায়ী ও মা স্কুল শিক্ষিকা। ২০০৯ সালে এসএসসি ও ২০১১ সালে এইচএসসি পাশ করে বর্তমানে শেরপুর সরকারি কলেজে অধ্যয়ন করছেন। ছোট বেলা থেকেই তথ্য প্রযুক্তির সাথে সখ্যতার কারণে নিজ প্রতিষ্ঠান বিডি আইটি এক্সপার্টের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ায় আইটি বিষয়ক সেবা দিয়ে আসছেন। তিনি স্বপ্ন দেখেন শেরপুরকে ময়মনসিংহ শেরপুর বা জামালপুর শেরপুর নয়, শেরপুরকে নিজের স্বকীয়তায় সবাই চিনবে। তিনি মোবাইল অ্যাপ তৈরির পাশাপাশি শেরপুর জেলার পর্যটন নিয়ে বেশ কিছু প্রামাণ্যচিত্রও তৈরি করেছেন। দায়িত্ব পালন করছেন শেরপুর টাইমস টিভির বিভাগীয় সম্পাদক হিসেবে। এরই ধারাবাহিকতায় শেরপুর নিয়ে ইতোমধ্যে বেশ কিছু প্রামাণ্যচিত্রও তৈরি করা হয়েছে। স্বল্প সময়ের ব্যবধানে অনলাইনে প্রতিটি ভিডিও এক লাখেরও বেশিবার দেখা হয়েছে। তিনি সহকর্মী ইফতেখার পাপ্পু, নাঈম ইসলাম, মেহেদী সাব্বির, জুবাইদুল ইসলাম, শাকিল মুরাদ, সানী ইসলাম ও জাহিদুল হক মনিরকে সাথে নিয়ে শেরপুর ব্র্যান্ডিং নিয়ে কাজ করে শেরপুর জেলাকে পরিচিত করাতে চান বিশ^ দরবারে।

























